২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত ও কর্মহীনদের পাশে বাংলাদেশিরা

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত ও কর্মহীন হয়ে পড়া বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে দেশটিতে প্রবাসী সংগঠন ‘ভাল্লিয়েন্তে বাংলা’ ও ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কবির আল মাহমুদ, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 11:32 AM

Updated : 10 Oct 2022, 07:06 PM

‘ভাল্লিয়েন্তে বাংলার’ সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী ও ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের’ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক জানান তাদের সংগঠনের তত্ত্বাবধানে অন্যান্য সামাজিক সংগঠনগুলো আয়-রোজগার বঞ্চিত ও কাগজপত্রবিহীন অবৈধ প্রবাসীদের সহযোগিতায় একটি প্রকল্পের কাজ শুরু করেছে।

তারা জানান, করোনাভাইরাসের প্রকোপে প্রবাসী বাংলাদেশিরা থাকা-খাওয়ার খরচ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে রাজধানী মাদ্রিদে বাংলাদেশি দুজন ও বার্সেলোনায় একজনসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২৫ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। এদিকে সাম্প্রতিক সময়ে ‘রেড জোন’ ঘোষণার ফলে এদের অধিকাংশই আয়-রোজগার বঞ্চিত হয়ে সপরিবারে দুর্বিষহ দিন যাপন করছে।

আয়োজকরা জানান, তাদের প্রকল্পের আওতায় যারা কর্মহীন বা খাদ্য সংকটে রয়েছে তাদের জন্য প্রয়জনীয় খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া যে কোনো দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশির জন্য প্রকল্পটি কাজ কাজ করে যাচ্ছে। এরই মধ্যে প্রায় ২ হাজার অসহায় ব্যক্তিকে চিহ্নিত করে চাল, ডাল ও তেলসহ অতি প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে।

এ প্রকল্পে যে কেউ সহযোগিতা দিতে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন ‘বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির’ সভাপতি খোরশেদ আলম মজুমদার, ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের’ সাবেক সভাপতি আল মামুন, বর্তমান সিনিয়র সহ সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ‘গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের’ সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ‘ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের’ সাধারণ সম্পাদক মাসুদ রহমান ও আব্দুল কায়ূম মাসুক।

এদিকে বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব মুহাম্মদ মুহতাসিমুল ইসলাম জানান, দূতাবাস ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ থেকে ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। ইতোমধ্যে তিনশ অসহায় ব্যক্তির নাম সংগ্রহ করেছে দূতাবাস। শিঘ্রই তা সরবরাহ করা হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!