‘বাংলাদেশকে খুঁজি, কিন্তু দৃষ্টিতে মরুভূমির বালু’
সৌদি আরবে আছি আজ সাত মাস হলো, বাংলাদেশে থেকে প্রবাস জীবন নিয়ে যা ভাবতাম যেভাবে ভাবতাম আসলে অবস্থা সেরকম নয়।
ঘুরতে ভালোবাসি অনেক, বাংলাদেশে প্রচুর ঘোরাঘুরি হতো। প্রবাসে তা হয় না, প্রবাসে অল্পকিছু কার্যক্রমে জীবন বন্দি। কর্মব্যস্ততায় প্রায় একই রকম প্রতিদিনের দিনলিপি। কাজ শেষে গাড়িতে বাসায় ফেরার সময় বা একটু বাইরে বের হলেই বাংলাদেশকে খুঁজি, খুঁজি বাংলার চিরসবুজ।
কিন্তু দৃষ্টিতে মরুভূমির বালু, পাথর, পাহাড়ে ক্লান্ত হয়ে বিষণ্ণতায় ফিরে আসে। চারদিকে দালান, উন্নত সড়ক। তবু তৃপ্তি আসে না ভেতরে। মন চায় গ্রামের মেঠোপথে হাঁটতে, আর প্রাণভরে নয়নভরে বাংলা আর সবুজ দেখতে। এ সাত মাসে দেশের প্রতি ভালোবাসা সাতশ কোটি গুণ বৃদ্ধি পেয়েছে, আরও ভেতর থেকে দেশপ্রেম উপলব্ধি হয়েছে।
করোনাভাইরাসের নির্মমতায় সারা পৃথিবী স্তব্ধ, নীরব। সৌদিতেও আক্রান্তদের সংখ্যা প্রচুর। প্রায় চার সপ্তাহ হলো মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি না। প্রতিদিনের করোনাভাইরাস পরীক্ষা, জীবাণুনাশক স্প্রে, মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারে কাজ চলছে আগের মতোই। কারফিউ এর মাঝেও বিশেষ অনুমতি নিয়ে চলছে আমাদের কোম্পানির গাড়িও।
কোম্পানিতে বিভিন্ন দেশের শ্রমিক, বাসায় গাদাগাদি করে থাকা, একই জিনিস অনেকের ব্যবহার আর বেশিরভাগ পণ্য অন্য দেশের। আতঙ্কের মধ্যে চলছে সবকিছু। তবু নিজের চেয়ে বাংলাদেশকে নিয়েই চিন্তা বেশি, যেখানে উন্নত দেশগুলোই নাজেহাল অবস্থায়, আমার দেশের কী হবে!
এ দুঃশ্চিন্তায় এখন নিজের সঙ্গে ঘুমটাও একটু অভিমান করছে। প্রতিদিনেই বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা! নামাজের মোনাজাতে প্রতিদিনই দেশের কল্যাণ প্রার্থনা তো আছেই। কিছু খবর ভালোও লাগে, যেমন অনেকেই এগিয়ে আসছে দুঃসময়ে, ত্রাণ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন হচ্ছে।
আশা করি এভাবেই দুঃসময়ে সবাই সবার প্রয়োজনে প্রিয়জন হয়ে সহযোগিতার হাত বাড়ানো অব্যাহত রাখবে। পৃথিবী আর আমার প্রিয় বাংলাদেশ আগের মতোই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এখন এটাই কামনা।
লেখক: সৌদি আরবের জেদ্দা প্রবাসী বাংলাদেশি
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
