বিশ্ববিদ্যালয়ের শহরে বিভূতির মসজিদ
বিশ্ববিদ্যালয়ের শহর হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত যুক্তরাজ্যের ক্যামব্রিজ। এবার এ শহরের প্রাচীন সব স্থাপত্যের মাঝে নতুন করে আগ্রহ জাগিয়েছে নতুন এক স্থাপনা।
ক্যামব্রিজে এটি ইতোমধ্যে পর্যটকদের কাছে ব্যাপক আলোচিত হয়েছে। বলছি ‘ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদ’র কথা। শতভাগ পরিবেশবান্ধন উপায়ে নির্মিত এ মসজিদটি চমৎকার স্থাপত্যশিল্পে ইউরোপ তথা বিশ্বব্যাপী সাড়া জাগিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহরে এটি যেন বিভূতি অর্থ্যাৎ ঈশ্বরের মহিমা বা সমৃদ্ধির প্রতীক।
পরিবেশবান্ধব হওয়ায় এতে ব্যবহৃত উপকরণ থেকে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্য। মসজিদটিতে দিনের বেলা বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন পড়ে না। কারণ এখানে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা রয়েছে। মসজিদের ছাদে বৃষ্টির পানি প্রক্রিয়াজাতের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ভেতরের অংশে বেশ ঠাণ্ডা অনুভূত হয়। নামাযে বিশেষ প্রশান্তি পাওয়া যায়।
সভা ও সেমিনার করার জন্য এ মসজিদে রয়েছে একটি কনফারেন্স হল। পুরুষদের পাশাপাশি নারীদেরও নামায আদায়ের স্থান রয়েছে। মসজিদে প্রবেশের ডান দিকে ছোট একটি ক্যাফে রয়েছে। সেখানে পর্যটকরা নামায শেষে খানিক বিশ্রাম নিতে পারবেন। এছাড়া শিশুদের জন্য খেলার জায়গা ছাড়াও রয়েছে প্রশিক্ষণের বিশেষ স্থান।
মসজিদটির প্রতিষ্ঠাতা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক টিমোথি উইন্টার। ২০০৮ সালে মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন তিনি। পরবর্তীতে ২০০৯ সালে ক্যামব্রিজের মিল রোডে প্রায় ৪ মিলিয়ন পাউন্ড খরচে মসজিদের জন্য ১ একর জমি কেনা হয়। এরপর প্রায় আট বছরের গবেষণা ও তহবিল সংগ্রহ শেষে ২০১৬ সালের সেপ্টেম্বরে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।
মসজিদের নকশা করেছেন লন্ডনের প্রখ্যাত ইকো স্থাপত্যশিল্পী মার্ক বারফিল্ড, যিনি লন্ডন আইয়েরও স্থাপত্যশিল্পী। এছাড়া মসজিদ চত্বরের সৌন্দর্য বাড়াতে কাজ করেন বিখ্যাত শিল্পী ইম্মা ক্লার্ক।
বর্তমানে ক্যামব্রিজে সারাবিশ্ব থেকে পড়তে আসা শিক্ষার্থীদের কাছে মসজিদটি একটি বাড়তি আগ্রহ যোগ করেছে। মসজিদটি ভ্রমণের সময় অনেকেই ইসলাম ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে থাকেন। এজন্য মসজিদের নিজস্ব ট্যুর গাইড রয়েছে। তারা মসজিদের চারপাশে ঘুরিয়ে দেখানোর পাশাপাশি এর নির্মাণ ও অন্যান্য বিষয়ে তথ্য দেন।
ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদে বর্তমানে দুইজন ঈমাম রয়েছেন। প্রধান ঈমাম হাফিজ শেজাদ মেকিস ও হাফিজ আলী তোস। মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় করছে হাজারো দর্শনার্থী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
