২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বদেশের মাটিতে মৃত্যু’ ছিল এ প্রবাসীর শেষ ইচ্ছা

সিঙ্গাপুরের একটি হাসপাতালে এক মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন প্রবাসী বাংলাদেশি সাদেকুর রহমান৷ অবশেষে শেষ ইচ্ছা অনুযায়ী স্বদেশের মাটিতেই মৃত্যু হলো তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2020, 02:19 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

সিঙ্গাপুরের এনজি তেং ফং হাসপাতাল থেকে বাংলাদেশে এসে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান সাদেকুর।

তার বন্ধু আরেক প্রবাসী আহসান হাবীব জানান, সাদেকুরের বাড়ি চাঁদপুরের মতলবে। ২৫ বছর ধরে সিঙ্গাপুরে প্রবাসী ছিলেন তিনি, কাজ করতেন সেখানকার ‘কেপেল ফেলস’ জাহাজ নির্মাণ কারখানায়।

গত ১৮ জানুয়ারি সাদেকুর হঠাৎ অসুস্থ হলে সিঙ্গাপুর এনজি তেং ফং হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় তিনি লিভারে ইনফেকশন বা যকৃত সংক্রমণে আক্রান্ত৷ সেখানকার চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

Image
সাদেকুর রহমান

সাদেকুর রহমান

আহসান হাবীব বলেন, “কিন্তু চিকিৎসায় উন্নতি না দেখে সাদেকুরের কোম্পানি ‘কেপেল ফেলস’ তার স্ত্রী ও বড় ভাই বাবুকে সিঙ্গাপুরে ডেকে আনেন। স্ত্রী ও বড় ভাই প্রায় ১৫ দিন তার দেখাশোনা করেন৷

“একসময় সাদেকুর বুঝতে পারেন তার সময় আর বেশি নেই৷ তিনি চিকিৎসকদের ডেকে বলেন, আমি মনে হয় বাঁচব না৷ আমাকে দেশে পাঠিয়ে দিন৷ দেশের মাটিতে মারা যেতে চাই। যে কয়দিন বাঁচি সন্তান ও পরিবারের সঙ্গে কাটাতে চাই।”

এ অবস্থায় এনজি তেং ফং হাসপাতাল কর্তৃপক্ষ সাদেকুরের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালের একজন চিকিৎসক তাদের সফরসঙ্গী হন। তিনি বাংলাদেশের চিকিৎসকদের কাছে সাদেকুরের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে সিঙ্গাপুর ফিরে আসেন।

পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সাদেকুর ছিলেন সবার ছোট৷ তার তিনটি মেয়ে সন্তান আছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!