অবসর নিলেন লন্ডনের সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদক নবাব
দুই দশকের বেশি সময় ধরে যুক্তরাজ্যের অন্যতম পুরনো বাংলা পত্রিকা সাপ্তাহিক জনমতের সম্পাদকের দায়িত্ব পালনের পর অবসরের ঘোষণা দিয়েছেন নবাব উদ্দিন।
স্থানীয় সময় রোববার জনমতের বিদায়ী সম্পাদক নবাব উদ্দিন রচিত দুইটি বই এবং মিডিয়ায় তার কর্মজীবন নিয়ে ৭১ জনের লেখা নিয়ে একটি সংকলন প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি অবসরের ঘোষণা দেন।
জনমত সম্পাদক নবাব উদ্দিন ৩০ বছর ধরে পত্রিকাটির সাথে ছিলেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নবাব উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের আগে জন্ম নেওয়া জনমতের যে আদর্শ ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে কাজ করার, সম্পাদক হিসেবে ২২ বছর সেই লক্ষ্যেই কাজ করে গেছি।
তিনি বলেন, “গত ২২ বছর সম্পাদকের জীবন সহজ ছিল না। অনেক মামলা, হামলা, হুমকি মোকাবেলা করে কমিউনিটির স্বার্থকে প্রাধান্য দেওয়ায় জনমত সারা ব্রিটেনব্যাপী ঈর্ষণীয় সাফল্য পায়, অর্জন করে কমিউনিটির অন্যতম মুখপাত্র হওয়ার গৌরব।”
“দীর্ঘ এই সময়ে পত্রিকা চালাতে গিয়ে, কমিউনিটির স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় অনেক মানুষকে হয়তো কষ্ট দিয়েছি, তারা আমাকে ক্ষমা করে দিবেন।”
অনুষ্ঠানে ৭১ জন লেখকের লেখা নিয়ে মোড়ক উন্মোচিত হওয়া ‘দীপ্ত পথচলা’ বইটি সম্পাদনা করেছেন সাঈম চৌধুরী।
এছাড়া মোড়ক উন্মোচিত অপর দুইটি বই হচ্ছে নবাব উদ্দিনের প্রবন্ধ-নিবন্ধ সংকলন ‘যেতে যেতে পথে’ এবং ‘আ রেসিস্ট মার্ডার অব আলতাব আলী’।
বই তিনটির মোড়ক উন্মোচন করেন লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী ও কমিউনিটির বিভিন্ন সেক্টরের ২১ জন সফল মানুষ।
লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী বলেন, “পৃথিবীতে অনেক নবাব রয়েছে, কিন্তু আমাদের নবাব হচ্ছেন জনগণের নবাব! সে জীবনে যা করতে চেয়েছে তাই করেছে। এক জীবনে নাটক, খেলাধূলা, জনমতের মতো পত্রিকার সম্পাদনা, চ্যারিটির কাজ, বাচ্চাদের মানুষ করা সবই সে সফলতার সাথে করেছে।”
মাহমুদ হাসান নবাব উদ্দিনের সাথে চার দশকের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “নবাব উদ্দিনকে আমি সেই ৪০ বছর আগে যেমন প্রাণচাঞ্চল্যে ভরপুর দেখেছি আজও সে তেমনি আছে। নবাবের কর্মময় জীবন নবাবকে বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন।”
তিনি বলেন, “নবাব উদ্দিন কিভাবে এই ৩০ বছর জনমতকে বাঁচিয়ে রেখেছেন সেটা আমি দেখেছি। এক সময় জনমত পত্রিকার অফিস ব্যাংক লোনের জন্য চলে গেলে তিনি তার বাসা থেকে পত্রিকা প্রকাশ করতেন। তার স্ত্রী গর্ভবতী অবস্থায় জনমত টাইপ করতেন। এভাবে সংকট কাটিয়ে জনমত আজকে শীর্ষ পত্রিকা।”
লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি এবং ‘সাপ্তাহিক’ পত্রিকার সম্পাদক এমদাদুল হক চৌধুরী বলেন, “নবাব উদ্দিন মানুষের কতো কাছাকাছি সেটা আজকের অনুষ্ঠানের উপস্থিতিই বলে দেয়। একজন ব্যক্তির ডাকে এতো মানুষের উপস্থিতি বিরল।”
তিনি বলেন, “প্রেসক্লাবের নির্বাচন আসলে আমাদের প্রতিযোগিতা হয়, প্রেসক্লাবে উনার সাথে কাজ করতে গিয়ে নানা ধরনের মতানৈক্য হয়েছে, কিন্তু সেই সম্পর্কে কখনো ফাটল হয়নি। ব্যক্তি নবাব উদ্দিন সেই প্রশংসার দাবিদার।”
ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, “নবাব ভাই আমার কাছে একজন স্টার। তার মতো একজন ভালো বন্ধু এবং মধ্যস্থতাকারী পাওয়া আসলেই দুষ্কর। আমার ব্যক্তিগত কয়েকটি সমস্যা সমাধানে নবাব ভাইয়ের ভূমিকার কারণেই কৃতজ্ঞতা জানাতে আজকের এ মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ নিয়েছি।”
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে নবাব উদ্দিন জনমতের সাথে সম্পৃক্ত করার জন্য তৎকালীন সম্পাদক, বাংলা টিভির প্রতিষ্ঠাতা সৈয়দ সামাদুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সমাপনী বক্তব্য নবাব উদ্দিন ‘দীপ্ত পথচলা’ বইটির ৭১ জন লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে তিনটি বই থেকে উল্লেখযোগ্য অংশ পাঠ করেন আবৃত্তিকার, সংবাদ পাঠক তৌহিদ শাকিল, শহিদুল ইসলাম সাগর ও সাংবাদিক বুলবুল হাসান। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মুনীরা পারভীন। এছাড়া নবাব উদ্দিনের রচিত নাটক থেকে পাঠ করেন উপস্থাপিকা উর্মি মাজহার ও আবৃত্তিশিল্পী সালাউদ্দিন শাহীন।
অনুষ্ঠানে নবাব উদ্দিনের কর্মমময় জীবনের উপর আব্দুল হান্নান নির্মিত তথ্যচিত্র দীপ্ত পথচলা এবং ইস্ট হ্যান্ডস চ্যারিটি সংস্থার উপর দুইটি আলাদা তথ্যচিত্র দেখানো হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
