২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে দুই কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু

সৌদি আরবের দুইটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দেড়শ শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2020, 09:17 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

সোমবার বাংলাদেশের সময়সূচি অনুযায়ী সৌদি আরবে স্থানীয় সময় সকাল ৭টায় রিয়াদ এবং জেদ্দার দুটি কেন্দ্রে একযোগে শুরু হয় এসএসসি পরীক্ষা।

রিয়াদ থেকে ৬৪ এবং জেদ্দা থেকে ৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ছাত্র সংখ্যা ৩৭ এবং ছাত্রী ২৭।

রিয়াদ কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ মোহাম্মদ আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সকল নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৬টায় পরীক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয় এবং দূতাবাসের সার্বিক তত্বাবধানে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ৭টায় পরীক্ষা শুরু হয়। প্রবাসে শিক্ষার্থীরা শতভাগ নকলমুক্ত পরীক্ষা দিয়ে থাকে।”

রিয়াদে প্রথম দিনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম। দূতাবাসের পক্ষ থেকে এই পরীক্ষার জন্য সহযোগিতা অব্যাহত থাকবে এবং পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে সেখানকার কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ছাত্র ৪৫ জন ও ছাত্রী ৪১ জন।

ঢাকা শিক্ষাবোর্ডের নির্দেশনা মেনে এবং অভিন্ন প্রশ্নপত্রে স্থানীয় সময় সকাল ৭টায় সুন্দর পরিবেশে পরীক্ষা শুরু হয় বলে জানান জেদ্দা কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মোহাম্মদ হামদুর রহমান।

প্রথম দিনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শিক্ষা ও শ্রম) কে এম সালাহ উদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!