মুজিববর্ষ উপলক্ষে নিউ ইয়র্কে আ. লীগ সমর্থকদের সভা
মুজিববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মতবিনিময় সভা করেছে সেখানে বসবাসরত আওয়ামী লীগ সমর্থকরা।
রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এ সভা করেন তারা।
আয়োজকরা জানান, নিউ ইয়র্কে জাতির পিতার জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাকসুর সাবেক জিএস প্রদীপ রঞ্জন করকে আহ্বায়ক করে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচিতে সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-রাজনীতিকদের প্রতিনিধিত্বকারি ৩০টিরও বেশি সংগঠন অংশ নেবে।
সভায় সিদ্ধান্ত হয় যে, ১৭ মার্চ বিকেল ৩টায় ইউনিয়ন স্কোয়ারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিববর্ষের কর্মসূচি শুরু হবে। এরপর ২১ জুন ও ২০ সেপ্টেম্বরে আরও দুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন-ইতিহাস বহুজাতিক এ সমাজে উপস্থাপন করা হবে।
মতবিনিময় সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার, যুক্তরাষ্ট্র মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা মঞ্চ, স্বাধীনতা চেতনামঞ্চ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, মুক্তিযোদ্ধা সংসদ ইত্যাদি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ হাসান, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ফারুক হুসেন, খান শওকত, শরিফ কামরুল হীরা, জালালউদ্দিন, কায়কোবাদ খান ও শফিকুল ইসলাম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
