বইমেলায় প্রবাস-জীবন নিয়ে বই ‘প্রবাসের ব্যালকনিতে’
বইমেলায় এসেছে মালয়েশিয়া-প্রবাসী লেখক ও সাংবাদিক রফিক আহমদ খান’র বই ‘প্রবাসের ব্যালকনিতে’।
বইটির প্রচ্ছদ করেছেন মেরুন হরিয়াল। প্রকাশক চট্টগ্রামের প্রকাশনা সংস্থা ‘বলাকা প্রকাশন’। মেলায় বইটি বলাকা প্রকাশনের ৫৫৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে মেলার প্রথম দিন থেকেই।
রফিক আহমদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মালয়েশিয়া প্রতিনিধি। প্রবাস জীবনের নানা বিষয় নিয়ে দীর্ঘদিন বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় লেখালেখি করে আসছেন তিনি। ‘প্রবাসের ব্যালকনিতে’ তার প্রথম বই।
বইটিতে প্রবাস জীবন নিয়ে লেখা ঊনচল্লিশটি নিবন্ধ স্থান পেয়েছে। লেখাগুলোতে প্রবাসের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা ও চাওয়া-পাওয়ার কথা ফুটে উঠেছে।
লেখক জানান, এ বইয়ে তিনি তার প্রবাস জীবনের নানা অনুভূতি প্রকাশের মাধ্যমে জীবিকার তাগিদে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা প্রায় সোয়া কোটি বাংলাদেশির কথা কিছুটা পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। প্রবাস জীবনের সুখ-দুঃখের বয়ানের পাশাপাশি ভিনদেশে দেখা অনুকরণ করার মতো ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
