২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উহানপ্রবাসীর একদিন

মনে হচ্ছে আমি এবং উহানের মানুষ এমন এক বসন্তের ছুটিতে আছি, যা অনেক দীর্ঘ এবং কখনোই শেষ হওয়ার নয়। আমি উহানের হুয়াজং ইউনিভার্সিটি অব সায়েন্সে পড়ছি। জানুয়ারির ২৩ তারিখে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে শহর বন্ধ দেওয়া হলো। তার আগেই অনেকে উহান ছেড়ে বসন্ত ও চীনা নববর্ষের ছুটি উদযাপনে গিয়েছিলেন। তারা আর ফিরে আসেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জান্নাতুন নাহার লিজা, চীনের উহান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2020, 08:38 PM

Updated : 08 Apr 2022, 12:18 AM

এখন সবকিছু বন্ধ। আমরা উহানে বসবাসরতরা অলস সময় কাটাচ্ছি। দিনগুলো সত্যিকার অর্থেই গতিহীন। তবে নিজেকে কর্মচঞ্চল রাখতে আমি এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শুরু করেছি। বিদেশি শিক্ষার্থীদের খাবার সরবরাহ করা আমার দলের কাজ। আমি দায়িত্ব নিয়েছি সকালবেলায়। শীতের প্রকোপ এখনও উহানে কমেনি। কাজেই ভোরে ওঠাটা খুব কঠিন। কিন্তু দায়িত্বের কারণে রোজ খুব ভোরে উঠি, কখনো কখনো অন্ধকার থাকতেই। শরীর সচল রাখতে ব্যায়ামটাও তখন সেরে নেই। এরপর আমার সেবামূলক কাজ- সকালের নাস্তা বিদেশি শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া।    

এসব শেষ হলে নিজকক্ষে ফিরি। বাথরুমে ঢুকে গরম পানিতে গোসল সেরে নেই। এই উষ্ণস্নান আমাকে সজীব করে তোলে, জীবাণু থেকেও দূরে রাখতেও বোধ করি কাজে দেয়। নি:সন্দেহে দিনের সেরা সময় এটি। এর পরই সকালের নাস্তা সাড়ি। বেলা ১২টা পর্যন্ত কিছুক্ষণ পড়াশোনা আর টিভিতে সংবাদ দেখে কাটাই।

১২টার দিকে অন্যান্য স্বেচ্ছাসেবী বন্ধুরা আমাকে দুপুরের খাবার রুমেই পৌঁছে দেয়। খেতে আমি গান শুনি, নিজের রুমটাতে ঘোরাফেরা করি। আমি বিশ্বাস করি ছোট ছোট ব্যায়াম আমার শরীরকে সচল রাখবে। সুস্থও রাখবে।

মজার ব্যাপার হচ্ছে ১৫ মিনিট হাঁটার পর একটু চোখ বুঝে তন্দ্রাচ্ছন্ন ভাব আসে। কিছুক্ষণ চোখ বন্ধ করে কাটাই, ঠিক ঘুম নয়। ঘুম ঘুম ভাবে থাকি। অলসতার এই সময়ে মাঝে মাঝে সংগীতও খুব একঘেঁয়ে লাগে।

তন্দ্রাভাবটা কেটে গেলে আমি উঠে হাতমুখ ধুই। সাথে স্ন্যাকস বা ফল খাই। আমি বিশ্বাস করি, আমার সুস্থ থাকার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। সকালের কাজের পর আমি সাধারণত রুম থেকে বের হই না। বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে আমার রাতের খাবার স্বেচ্ছাসেবী বন্ধুরা রুমেই পৌঁছে দেয়। এতো আগে রাতের খাবারে এখনো অভ্যস্ত হতে পারিনি। ফলে রাতের খাবার সংরক্ষণ করে রাখি এবং রাত ৮টাতেই খাই। সন্ধ্যা এবং রাতের সময়টা সত্যি খুব মন্থর আর অলস কাটে। মাঝে মাঝে আমার বন্ধুরা এসময় আড্ডা মারতে আসে। তবে ভাইরাস ছড়িয়ে পড়ার পর এই পরিস্থিতিতে এটি বিরল হয়ে উঠেছে। আমি চোখ রাখি টিভিতে, পড়তে থাকি, মাঝে মাঝে দেশে স্বজনদের সাথে যোগাযোগ করি, অনলাইনে মুভি দেখি। কী করছি- তা আসলে নির্ভর করে নির্দিষ্ট দিনটিতে আমার মনের অবস্থা ও অনুভূতির উপর।

রাতের খাবারের পর আমি আরও কিছুক্ষণ পড়ি, এরপর হাত মুখ ধুই, নিজের পরিচর্যা করি এবং শুতে যাই। পরিবার ও বন্ধুদের সাথে বিশেষ কোনও ঘটনা বা আলাপ না থাকলে আমি রাত ১২টার মধ্যে ঘুমানোর চেষ্টা করি। বেশিরভাগ সময় চিন্তা করি নিজেকে কীভাবে আরও শক্ত-সামর্থ্যবান ও সুস্বাস্থ্যের অধিকারী করা যায়, সেসব নিয়ে।

অবশ্য সবদিন এরকম- তা নয়। প্রতি দুইদিন পর পর আমি আমার রুমটাকে পরিষ্কার করি। কাপড়চোপড় ধুই। যখন খুব একঘেঁয়ে লাগে তখন আমাদের থাকার জায়গা থেকে বাইরে বের হয়ে কিছুক্ষণ হাঁটি। কোনও কোনওদিন কাছের দোকানে গিয়ে ফল বা স্ন্যাক্স কিনে আনি।

কখনো কখনো আমি খুব আটঘাঁট বেঁধে দেশিয় খাবার রান্না করি। এটা আসলে নিজেকে নিজের দেওয়া উপহার বলতে পারেন। দিনগুলো এখানে খারাপ কাটছে তা নয়। তবে নি:সঙ্গতা রয়েছে। সেটি আছে কেননা ইতিমধ্যে দেশের পরিচিতদের একটি বড় অংশ ফিরে গেছেন। আমি ঠিক জানিনা তারা এখানে কবে নাগাদ ফিরবেন কিংবা আমি নিজে কবে এখান থেকে বের হতে পারবো। আমি দেশের বন্ধুদের ‘মিস’ করছি। আশা করছি তারা ভালো আছেন।

আমার সবচেয়ে খারাপ লাগছে আমার পোষা বেড়ালটাকে আদর করতে পারছি না। সে আমার বাড়ির পাশে একটা জঙ্গলে থাকে। আমি যেখানে যেখানে যেতাম, সেখানেই সে পিছু ধরে যেত। এর আগে তার মতো পোষাপ্রাণী আমার ছিলনা। তবে ভালো লাগে এটা দেখে যে, তার জন্য বরাদ্দকৃত খাবার জায়গামতো রাখলে সে খেতে আসে। দূর থেকে তাকে দেখতে আমার ভালো লাগে।  

লেখক পরিচিতি: ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে হুয়াঝং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে পিএইচডি করছেন।

(লেখাটি তৈরিতে সহযোগিতা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চীন প্রতিনিধি ছাইয়েদুল ইসলাম।)

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!