‘ভোট ডাকাতি’র অভিযোগ এনে নিউজার্সি বিএনপির প্রতিবাদ সমাবেশ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মেয়র পদে নির্বাচনী ফলাফল ‘ডিজিটাল-কারচুপির মাধ্যমে হাইজ্যাক’ করার অভিযোগ এনে প্রতিবাদ সমাবেশ করেছে নিউ জার্সি স্টেট বিএনপি এক সমাবেশ করেছে।
সমাবেশ থেকে একইসাথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিও জানানো হয়।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির পাশের প্যাটারসন সিটিতে বিএনপির ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাসের সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।
তিনি বলেন, “দিনের ভোট আগের রাতেই বাক্সে ভরে গঠিত সরকারের নিয়ন্ত্রণে কখনোই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। বিএনপির অনেক পুরনো অভিযোগেরই সত্যতা প্রতিষ্ঠিত হলো ঢাকার দুই সিটি কর্পোরেশনের এই নির্বাচনে।”
“এখন সময় হচ্ছে ভোট ডাকাতিতে পারদর্শী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভয়ংকর আন্দোলন রচনার। গতানুগতিক আন্দোলনে জনগণের দুশমন হিসেবে চিহ্নিত সরকারকে সরানো যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ নয়।”
সমাবেশের প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির প্রতিষ্ঠাতা-চেয়ারপার্সন আকতার হোসেন বাদল বলেন, ‘গোটা বিশ্ব অবাক বিস্ময়ে আবারো শেখ হাসিনা মার্কা ভোট ডাকাতির মহড়া প্রত্যক্ষ করলো। মেশিনে কারচুপির এ নির্বাচনী ফলাফল বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। আগে থেকেই আঁচ করতে পেরেই ভোটাররা কেন্দ্রে যাননি।”
বিএনপির ডাকা হরতালের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করে বাদল বলেন, “আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্রের মা বেগম জিয়াকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে বীরের বেশে ঢাকায় ফিরিয়ে নিতে হবে। তাহলেই বাংলাদেশে জনগণের শাসনের প্রত্যাবর্তন ঘটবে।”
বিশেষ অতিথি জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন বলেন, “জনতার রায় ছিনতাইয়ের যে কৌশল বর্তমান সরকার গ্রহণ করেছিল তা আগেই দেশবাসীকে অবহিত করে বিএনপি। সেই অভিযোগ হান্ড্রেড পার্সেন্ট সত্য বলে প্রত্যক্ষ করলো গণতান্ত্রিক বিশ্ব। তাই শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরানো না গেলে বাংলাদেশের অপশাসন কখনোই দূর হবে না।”
নিউজার্সি স্টেট বিএনপির সমাবেশ-মঞ্চে অতিথিরা।
নিউজার্সি স্টেট বিএনপির সমাবেশে নেতারা।
আরেক বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি বলেন, “বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউ ইয়র্ক থেকে ১/১১ এর মত আন্তর্জাতিক জনমত সুসংহত করার কার্যক্রম হাতে নিতে হবে। জাতিসংঘ এবং হোয়াইট হাউজের সামনে র্যালি করতে হবে।”
নিউজার্সি বিএনপির সভাপতি নূরল ইসলাম খসরুর সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন সেক্রেটারি আবুল কালাম। সমাবেশে আরো বক্তব্য দেন- প্যাটারসন সিটি কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি ফেরদৌস হোসেন, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, বিএনপি নেত্রী রাশেদা আহমেদ মুন, জাসাসের কেন্দ্রীয় নেতা মো. সায়েম, শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, নিউজার্সি স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল হুসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. আম্বিয়া ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
