যুক্তরাষ্ট্রের পত্রিকায় প্রবাসী ব্যবসায়ীর সাফল্যগাঁথা
যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশির নির্মাণ ব্যবসার সাফল্যকে ‘পরিশ্রমী অভিবাসীর এগিয়ে চলার প্রতিকৃতি’ হিসেবে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ‘লং আইল্যান্ড হেরাল্ড’ পত্রিকা।
বাংলাদেশি-আমেরিকান এ নির্মাণ ব্যবসায়ীর নাম আকতার হোসেন বাদল (৫৫)। তিনি নিউ ইয়র্কের কুইন্সের ফ্লাশিংয়ে বসবাস করেন।
৩০ জানুয়ারি ‘বিল্ডিং এ বিজনেস ফ্রম দ্য বটম’ শিরোনামে বাদলের ব্যবসায়িক সাফল্যের নানা দিক জানিয়ে এ সংবাদটি প্রকাশ করেন তারা।
৩৫ বছর আগে স্টুডেন্ট ভিসায় নিউ ইয়র্কে আসার পর বাদল যুক্তরাষ্ট্রে অভিবাসী জীবনে কী ধরণের কষ্ট সহ্য করেছেন এবং প্রত্যয়ের সঙ্গে কাজ করেছেন সেসব তথ্য উল্লেখ করা হয়েছে এ সংবাদে।
২০০০ সালে ‘আরএলবি কন্সট্রাকশন’ নামে একটি নির্মাণ ব্যবসা প্রতিষ্ঠার পর সিটির ৫ বরোতেই ব্যবসা করেছেন বাদল। ব্রিজ, স্কুল ভবন, অ্যাপার্টমেন্ট ভবন, হাসপাতালের সম্প্রসারণ, রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ করে সিটি ও স্টেটসহ বিভিন্ন পর্যায় থেকে সম্মাননা পেয়েছেন তিনি।
“নির্মাণ ব্যবসায় সাফল্যের চাবিকাঠি হচ্ছে নির্দেশ অনুযায়ী যথাসময়ে কাজ সম্পন্ন করা। রাতারাতি সাফল্য আসে না। এজন্য সময়ের প্রয়োজন। সুনামের সঙ্গে কাজ করলে একদিন সাফল্য ধরা দেবেই”, বাদলের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে পত্রিকাটি।
ওই সংবাদে বলা হয়েছে, বাংলাদেশে জন্ম নেওয়া বাদল ২০ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসার পর নিউ ইয়র্কের ব্রঙ্কসের একটি হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেন। এরপর ফোরড্যাম ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেন। চাকরি পেতে তাকে নানা সমস্যায় পড়তে হয়। চাকরির জন্য রেফারেন্স ছিল না তার। এ অবস্থায় তিনি সংকটে পড়েন বাসা ভাড়া ও দৈনন্দিন খাবার নিয়ে।
‘আরএলবি সেইফটি স্টোরে’ বাদল
কিন্তু স্টোরটি বন্ধ হয়ে যায় কয়েক মাসের মধ্যেই। পুণরায় বেকার হয়ে পড়েন বাদল। এরপর আবারো স্টেট সিনেটর গঞ্জালেজের অফিসে যান সহযোগিতার জন্য। সে সময় সিনেটর তাকে নিজস্ব ব্যবসা খোলার পরামর্শ দেন। কন্সট্রাকশন বিজনেস সবচেয়ে ভালো হবে বলেও উল্লেখ করেন সিনেটর গঞ্জালেজ।
তবে গঞ্জালেজের পরামর্শে বাদল কন্সট্রাকশন ব্যবসা শুরু করলেও তার সঙ্গে সখ্যতা স্থায়ী হয়নি। কারণ কোন এক দুর্নীতির কারণে সিনেটর গঞ্জালেজকে জেলে যেতে হয়।
২০০০ সালের শুরুতে নির্মাণ ব্যবসা তেমন ভালো যাচ্ছিল না বাদলের। ফলে ব্যাংক থেকেও ঋণ নিতে পারেননি নতুন এ ব্যবসায়ী। সে সময়ে তার পাশে দাঁড়ায় নির্মাণ ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘টুলি কন্সট্রাকশন’। টুলির সমর্থনে ‘আরএলবি কন্সট্রাকশন’র ব্যবসা ওই অঞ্চলে বিস্তৃত হয়ে পড়ে।
বাদল বলেন, “টুলির সে সময়ের প্রজেক্ট ম্যানেজার ডিন ডেভকের প্রতি আমি কৃতজ্ঞ। একইভাবে আমি কখনোই ভুলতে পারি না সিনেটর গঞ্জালেজকেও। বিশ্ব এতই বিশাল যে সবাই মন্দ মানুষ নন। সব সমাজেই কিছু ভালো মানুষ রয়েছে। তাই নিষ্ঠাবান মানুষরাও অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের মধ্য দিয়ে নিজেদের ভাগ্য গড়তে সক্ষম হচ্ছেন।”
২০১৫ সালে নিউ ইয়র্কের কাছে লিনব্রুকে ‘আরএলবি সেইফটি অ্যান্ড আয়রন’ নামে একটি স্টোর খোলার ৪ বছর পর সম্প্রতি লংবিচ রোডে দ্বিতীয় স্টোর খুলেছেন বাদল।
তিনি জানান, কর্তৃপক্ষের অনুমোদিত সামগ্রি তুলনামূলক কমদামে বিক্রি করায় প্রতিদিনই বিক্রি বাড়ছে। তার পরবর্তী পরিকল্পনায় রয়েছে কানেটিকাট রাজ্যে ‘আরএলবি সেইফটি স্টোর’ খোলার।
এভাবেই ব্যবসার মাধ্যমে নিজের ভাগ্য গড়ার পাশপাপাশি পরিচিতদের মধ্যে যারা কষ্টে দিনাতিপাত করছেন তাদের সহায়তা করার সংকল্পের কথা জানান ডেমোক্রেটিক পার্টির তৃণমূলের সংগঠক বাদল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
