২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমান মারা গেছেন

সাংবাদিক, লেখক ও ‘ভয়েস অব আমেরিকা’ বাংলা বিভাগের ভাষ্যকার সৈয়দ জিয়াউর রহমান (৮৮) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 12:50 PM

Updated : 25 Jul 2022, 06:59 PM

শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের জার্মান টাউন হলিক্রস হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জিয়াউর রহমানের বন্ধু ও প্রতিবেশী বিজ্ঞানী ও লেখক আশরাফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানান।

তিনি বলেন, “অনেক দিন থেকেই তিনি অসুস্থ ছিলেন। কিডনি কাজ করছিল না। তবুও হাসি-খুশিতে ছিলেন। গত সপ্তাহে আমাকে ফোন করে সামনের শনিবার (৮ ফেব্রুয়ারি) পটোম্যাকে তাদের নতুন বাসায় দাওয়াত দিয়েছেন। সমবয়সী আরো বেশ কয়েকজন সেখানে যাবার কথা। সেটি আর হলো না।”

শারিরীক অবস্থার অবনতি হলে ২৩ জানুয়ারি সৈয়দ জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী হেলেন রহমান, একমাত্র ছেলে আসিফ রহমান, দুই নাতনী ও পুত্রবধূ রয়েছেন।

জিয়াউর রহমান ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর ময়মনসিংহের মুক্তাগাছায় জন্ম নেন। পড়াশোনা শেষে ১৯৫১ সালে পত্রিকায় কাজের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু। ‘দৈনিক মিল্লাতে’ যোগ দেন ১৯৫৫ সালে। মোহাম্মদ নাসির উদ্দিন ও নুরজাহান বেগমের ‘সওগাত’ ও ‘বেগম’র দায়িত্বও পালন করেন বহুদিন।

১৯৭৬ সালে জিয়াউর ‘ভয়েস অব আমেরিকা’ বাংলা বিভাগে যোগ দেন এবং ২০১১ সালে অবসরে যান।

আশরাফ জানান, রোববার জোহরের নামাজের পর সিলভার স্প্রিং সিটির মুসলিম কমিউনিটি সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফন করা হবে স্থানীয় আডেলফাই গোরস্তানে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!