প্রবাস মানে ‘সোনার হরিণ’
পরিবারে স্বচ্ছলতা আনতে, সমাজে মাথা উঁচু করে বাঁচতে ও সোনালী স্বপ্নের হাতছানিতে পরিবারের বেকার ছেলেরা জীবনযুদ্ধে, জীবিকা ও জীবনের তাগিদে বুকভরা কষ্ট নিয়ে প্রবাসী হয়।
একজন প্রবাসীর দেহ থাকে প্রবাসে, কিন্তু মন পড়ে থাকে স্বদেশের উঠোনে। প্রিয়জনদের মুখ তার চোখে ভাসে। স্বদেশের মেঘ-বৃষ্টি-রোদ তাকে কাছে ডাকে, ক্ষণে ক্ষণেই ঝাপসা হয় তার চোখ। প্রবাসীরা দিনান্ত পরিশ্রম করে, কিন্তু কয়জনই বা ধরতে পারে সোনার হরিণ?
সে সোনার হরিণের পেছনে দৌড়াতেই থাকে। সময় যায়, ভবিষ্যৎ মেঘে ঢাকা-ই থেকে যায়। প্রবাসীদের কেউ কেউ হয়তো সোনার হরিণের নাগাল পায়, কিন্তু সিংহভাগই যেই লাউ সেই কদু হয়ে থেকে যায়। তবু প্রবাসে মানুষ আসে, আসছে। এসেই সে বুঝতে পারে বড় ভুল করে ফেলেছে, কিন্তু শোধরাবার সুযোগ থাকে না আর।
পেছনে ঋণের বোঝা, বর্তমান এলোমেলো, ভবিষ্যৎ অন্ধকারময়। এ নিয়েই বর্তমানে একজন মরু প্রবাসীর পথ চলা। তার বুকের মধ্যে হতাশা, হাহাকার, সঙ্গী হয় ঘুমহীন রাত। এভাবেই সামনে পথ চলা। সময়ের কাছে সে বন্দি, বন্দি জীবনের জন্য জীবিকার কাছে। তাইতো প্রবাস মানে কারারুদ্ধতার এক রুদ্ধ দ্বার।
ক্ষুধা নিবারণ করার ইচ্ছা নিয়ে, মা মাটি ও আপনজনদের ছেড়ে অজানা অচেনা এক দেশের মাটিতে পাড়ি দিয়েছিল বরিশালের গৌরনদীর মেট্রিক পাস করা বেকার টগবগে যুবক আশরাফুল ইসলাম। সৌদিতে প্রবাসের ব্যস্ততম জীবনে তার যুদ্ধ শুরু হয় ১৯৯২ সালে। আজ তার বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই।
এই আটাশ বছরের প্রবাস জীবনে কী পেলেন জানতে চাইলে তিনি বলেন, “প্রবাসে সবার একই চিন্তা কিভাবে আরও পরিশ্রম করে অল্প সময়ে বেশি উপার্জন করে পরিবারের স্বচ্ছলতা ফেরানো যায়, আমি তার ব্যতিক্রম ছিলাম না। সাপ্লাই কোম্পানিতে ৮-৫ ঘণ্টা ডিউটি করে নিজের বিশ্রামের সময়টুকু বাইরে পার্টটাইম কাজ করে বাড়তি কিছু উপার্জন করে সংসারের স্বচ্ছলতা ফেরানোর নিরন্তর চেষ্টা চালিয়ে গেছি।
“নিজের জন্য কিছু না করতে পারলেও ছোট ভাই-বোনদের পড়ালেখা করিয়ে মানুষ করেছি, বোনদের ভালো ঘরে বিয়ে দিয়েছি, ভাইয়েরা মোটামুটি ভালো আছে।”
নিজের জন্য কী করলেন জানতে চাইলে দীর্ঘশ্বাস ছেড়ে আশরাফুল ইসলাম বলেন, “যৌবনের সোনালী দিনগুলো ও নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারে সবার সুখ কিনতে গিয়ে আমি আজ নিঃস্ব। নিজের বিয়েটা করা হয়েছে শেষ বয়সে, ঘরে ছোট ছোট দুটো ছেলে, ওদের জন্যও কিছু করতে পারিনি। নিজের জন্য কোন টাকা পয়সা জমাতে পারিনি, এমনকি একটি ঘরও তৈরি করতে পারিনি। তারপরও সংসারের সবাই ভালো আছে এতেই আমার তৃপ্তি।”
প্রবাসীদের তার আপনজন বা প্রিয়জন কষ্ট দিলে সেটা সহ্য করার ক্ষমতা সে হারিয়ে ফেলে। অনেকে একাকিত্বের কারণে আত্মহত্যাও করে। এমনটি বলছিলেন চট্টগ্রামের সন্তান তৈরি-পোশাক ব্যবসায়ী দাম্মাম প্রবাসী মো. ফরুক হোসাইন। তিনি বলেন, “১৯ বছর ধরে প্রবাস জীবনে যত উপর্জন সব পরিবারের পেছনে ব্যয় করেও কারো আপন হতে পারলাম না। যত টাকা পাঠাই ততই চাহিদা বেড়ে যায়। দু’বছর পর পর দেশে যেতে হয় নিজের বাড়িতে নিজেই অতিথি হয়ে। দেশে যাওয়ার আগে পরিবারের হাজারো বায়না। অল্প করে হলেও সবার জন্য কিছু না কিছু নিতে হয়, নেওয়া হয় না নিজের জন্য কিছু।
“দেশে ছুটিতে গেলে সবাই জিজ্ঞেস করে কতদিনের জন্য এসেছো? কবে যাবে? কিন্তু কেউ বলে না আর বিদেশ যাওয়ার দরকার নেই, দেশেই কিছু একটু করো।”
ফারুক হোসাইন আরও বলেন, “প্রবাসের যত উপার্জন সব কিছুই বাবার কাছে দিয়েছি। দেশে গিয়ে বাবার কাছে টাকার হিসাব চাইতে গেলে কোন হিসাব দিতে পারেনি। বরং হিসাব চাইতে গিয়ে আপনজনদের কাছে শত্রুতে পরিণত হয়ে গেছি। প্রবাসে কেউ কারো নয়, নিজেই নিজের আপন। প্রবাসীদের সব থেকে বড় সমস্যা হলো একাকিত্ব, আর এ কারণেই অনেক সময় অনেক ছোট সমস্যাগুলোও অনেক বেশি অস্থিরতা ও যন্ত্রণা দেয়।”
প্রবাসীরা সুখ-বিলাসী হবার কোনো অবকাশ নেই, নিঃসঙ্গ জীবনে সুখ খুঁজতে গিয়ে অবশিষ্ট সুখটুকু বন্ধুদের নিয়ে তারা খোঁজার চেষ্টা করে। সৌদি আরবে ব্যাচেলর প্রবাসীদের আড্ডা দেওয়ার জন্য তেমন কোন বিনোদন পার্ক নেই, যেখানে গিয়ে অন্তত নিজেদের মধ্যে সুখ-দুঃখকে ভাগাভাগী করে নেওয়া যায়। রিয়াদে বাঙালি অধ্যুষিত বাথা, হারা ও আরবাইনে শুক্রবার ছুটির দিন হলেই রাস্তার পাশে দাঁড়িয়ে খোশগল্পে মেতে ওঠে কষ্টবিলাসী প্রবাসীরা।
আবার কেউ কেউ শহরের বাইরে অদিয়া হানিফা, অদিয়া নিমার নামে কিছু পার্ক আছে, সেখানে বান্ধু-বান্ধবদের নিয়ে শুক্রবার ছুটির দিনগুলোতে বারবিকিউ পার্টিতে মেতে ওঠে। আবার কেউ কেউ বেসুরা কণ্ঠে গেয়ে ওঠে, ‘বন্ধু বন্ধু বন্ধুরে তোরা কেমন আছিস রে, তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে। সুখ দুঃখ ঘিরে, তোরা থাকিস যতই দূরে’। এ গানটা যেন সবাইকে আবারও এক করে।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ রিয়াদ চ্যাপ্টারে সাধারণ সম্পাদক শাহজাহান চঞ্চল বলেন, “মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী যেনো শ্রম দেয় দুমুঠো খাবার সংস্থানের জন্য এবং বিদেশে আসাকালীন তার ব্যয় করা টাকাটা তোলার জন্য। যা বেতন পায় তা দিয়ে স্বদেশের সংসার খরচ শেষে থাকে না তেমন কোন সঞ্চয়। বছরের পর বছর সে শুধু খেটেই যায়, পূর্ণ হয় না তার সঞ্চয়ের ঝুলি।”
তিনি আরও বলেন, “যারা এ সময়ে মধ্যপ্রাচ্যে আসতে চান তারা যেনো সঠিক যোগ্যতা নিয়ে আসেন, অর্থাৎ দক্ষ হয়ে কাজের জন্য আসেন। তাহলে কিছুটা হলেও উতরে যাবেন, অদক্ষদের যা বেতন-ভাতা তা দিয়ে পেটে ভাত ঠিকই হবে, সঞ্চয় হবে না এক পয়সাও। একজন দক্ষ শ্রমিকের বেতন পাঁচজন অদক্ষ শ্রমিকের সমান।”
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। আমরা সমৃদ্ধির পথে এগোচ্ছি। প্রতিটি প্রবাসী এক একজন রেমিট্যান্স-যোদ্ধা, এয়ারপোর্ট থেকে শুরু করে সরকারের প্রতিটি সেবা সেক্টরে প্রবাসীদের যথাযথ সম্মান করা হোক, তাহলেই কষ্টার্জিত প্রবাস জীবন সার্থক হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
