২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইরিশ পার্লামেন্ট নির্বাচন: লেবার দলের লড়ছেন বাংলাদেশি কামাল

আইরিশ পার্লামেন্ট নির্বাচনে জন্মসূত্রে এক বাংলাদেশি নাগরিক লেবার পার্টি থেকে প্রতিদ্বন্ধিতার জন্য মনোনয়ন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অলোক সরকার, আয়ারল্যান্ড প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2020, 09:22 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে লড়তে যাওয়া কামাল উদ্দিন আয়ারল্যান্ডের মিডল্যান্ড নর্থওয়েস্ট কাউন্টি মায়ো-র ক্যাসেলবার এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফেব্রুয়ারির ৮ তারিখে আয়ারল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়ারল্যান্ডের বাংলাদেশ কমিউনিটি কামাল উদ্দিনই প্রথম যিনি আইরিশ নির্বাচনে লেবার পার্টির মত বড় দল থেকে মনোনীত হয়েছেন।

এর আগে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় নির্বাচিত হয়েছিলেন বর্তমান শাসক দলের (ফিনেগেইল পার্টি) সাবেক প্রধানমন্ত্রী এন্ডা কেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়ারল্যান্ড প্রতিনিধিকে বলেন, “এই রাজনীতিতে আসাসহ মনোনয়ন পাওয়ার পথ মোটেই মসৃন ছিল না। আর এজন্য আমাকে এখানকার আইরিশ কমিউনিটির জন্য কাজ করাসহ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার ও পরিচিতির জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে।”

বাংলাদেশের ফেনীতে জন্ম নেওয়া কামাল উদ্দিন দুই দশক আগে আয়ারল্যান্ডে আসেন। প্রায় তখন থেকেই তিনি আইরিশ মূলধারার রাজনীতির সাথে যুক্ত হন। দেশের বিভিন্ন জায়গায় লেবার দলের হয়ে বিভিন্ন সভা সেমিনারে তিনি অতি পরিচিত মুখ।

তবে শুধু আইরিশ কমিউনিটির কাজেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সেখানকার বাঙালিদের বিভিন্ন সমস্যায় তিনি তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। পাশাপাশি বাংলাদেশ কমিউনিটিকে বাংলাদেশের রাজনীতির উর্ধে উঠে একত্রিত করার কাজেও যুক্ত রয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “যুক্তরাজ্যে  আমরা বাঙালিরা অনেক এগিয়ে থাকলেও আয়ারল্যান্ডে এখন পর্যন্ত বাংলাদেশি কমিউনিটি সেরকমভাবে শক্তিশালী হয়নি। এর দরুণ আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ছি।”

তিনি জানান, নির্বাচিত হলে আইরিশ পার্লামেন্টে বাঙালিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলবেন।

কামাল উদ্দিন তার নির্বাচনী প্রচারণা অন্যান্য প্রার্থীদের চেয়ে একটু ব্যতিক্রমভাবে শুরু করেছেন। তিনি সকলকে ভোট দেওয়ার আহ্বানের পাশাপাশি পরিবেশ রক্ষায় ও পৃথিবীর উষ্ণতা দূরীকরণে প্রত্যেককে একটি করে বৃক্ষের চারাও দিচ্ছেন। ব্যতিক্রমী এই উদ্যোগ ও প্রচারণায় তিনি ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন।

তিনি স্থানীয় সকল বাঙালিদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি সকলের দোয়াও চেয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!