বঙ্গবন্ধুর ছবি নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গে প্রবাসী বাংলাদেশি
বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে উঠেছেন এক প্রবাসী বাংলাদেশি।
আর্জেন্টিনার স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়া জয় করেন কাজী শাহরিয়ার সুজন বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছেন তিনি।
সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যবস্থাপক হিসেবে কর্মরত কাজী শাহরিয়ার সুমনের বাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট সিটিতে।
এর আগে ২০১১ সালের ১৬ ডিসেম্বর প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাকনকাগুয়া জয় করেন পর্বতারোহী ওয়াজফিয়া নাজনীন।
চূড়ায় ওঠার সময় শাহরিয়ারের বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ছিল। পাশাপাশি তার বুকে ছিল বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ছবি। ছয় হাজার ৯৬২ মিটার (২২৮৪১ ফুট) উঁচু মাউন্ট অ্যাকনকাগুয়ার চূড়ায় আরোহনের অর্জনকে ইতোমধ্যে তিনি বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছেন।
এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পরপর ৩ দফায় চেষ্টা চালিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার এই সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকনকাগুয়া আরোহণে সফল হতে পারেননি।
অদম্য সাধনা, প্রবল ইচ্ছাশক্তি এবং সাহস কাজে লাগিয়ে ২০২০ সালের পুরো জানুয়ারি মাস জুড়ে টানা ৩ সপ্তাহের অভিযানে অবশেষে সামিট জয়ে সফল হলেন তিনি।
‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের জন্য কিছু করতে পারায় আমি গৌরবান্বিত’, প্রতিক্রিয়ায় বলেন আমেরিকান-বাংলাদেশি পর্বতারোহী শাহরিয়ার সুজন।
ঢাকায় বড় হওয়া শাহরিয়ারের স্কুল ছিল মতিঝিল সরকারি উচ্চ বালক বিদ্যালয়। পরে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ভারতের ভোপালের মাওলানা আজাদ ন্যামনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
