২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিববর্ষে নিউ ইয়র্কে ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2020, 11:50 AM

Updated : 25 Jul 2022, 06:59 PM

সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক’।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়েন সংস্থার সদস্য সচিব জুয়েল আহমেদ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন দেওয়ান, প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ কাজী এলিন ও আব্দুল বাসিত খান বুলবুল এবং সমন্বয়কারী নূরল আমিন বাবু ও এস ইসলাম আরিফ।

আয়োজকরা জানান, নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের সাবেক জাতীয়-আন্তর্জাতিক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক’ এর এ কর্মসূচিতে উত্তর আমেরিকার ২০টি ফুটবল দল অংশ নেবে এবং তিন শতাধিক অ্যাথলেটের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৩, ১৪, ১৫ ও ১৬ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষ হবে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চে।

সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ও ক্রীড়া প্রতিযোগিতা’ সফল করতে ২৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে আগামী ২৭ মার্চ বিজয়ীদের মধ্যে পুরস্কার ও কমিউনিটিতে অবদানের জন্য ‘বঙ্গবন্ধু পদক’ দেওয়া হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে এসব অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও এসময় জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!