প্রবাসীর ভ্রমণ: কোরিয়ার দ্বীপ ‘জেজু’
দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর যদি তালিকা করতে বলা হয় তাহলে কোরিয়াতে দুই বছর ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা থেকে আমি নির্ধিদ্বায় ‘জেজুর’ নাম বলবো সবার আগে।
জেজু একটি স্বপ্নের দ্বীপ, ৭০৫ বর্গমাইলের জেজু দ্বীপের আবহাওয়া দক্ষিণ কোরিয়ার মূল ভূখণ্ডের আবহাওয়া থেকে ভিন্ন। রাজধানী সিউল যখন তীব্র শীতে কাঁপছে তখন হয়তো জেজু রৌদ্র ঝলমল দিনে শীত উপভোগ করছে।
আগ্নেয়গিরি দ্বীপ হিসেবে জেজু পরিচিত, ভয়ংকর সৌন্দর্য নিয়ে এই দ্বীপটি কোরিয়ার পর্যটক আকর্ষণ তালিকায় শীর্ষে, জেজু নিয়ে কোন প্রশ্ন করা হলে কোরিয়ানদের চেহারায় যে গর্ব ফুটে উঠে তা বুঝিয়ে দেয় কোরিয়ানরা কতটা ভালবাসে এই দ্বীপকে।
দুই মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির অগ্নিউৎপাতে পূর্ব চায়না সাগরে ভেসে উঠা এই জেজু দ্বীপের মূল আকর্ষণ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া । এই ছোট্ট দ্বীপে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ফাইভ স্টার হোটেলসহ সব ধরনের সুযোগ সুবিধা। ইন্টারনেটের গতি এতটাই ভালো যে মনেই হবে না মূল ভূখণ্ড থেকে এটি বিচ্ছিন্ন একটি দ্বীপ।
বৃষ্টিস্নাত এক দিনে সিউলের গিম্পো বিমানবন্দর থেকে এক ঘণ্টার ফ্লাইট জেজু গিয়ে পৌঁছায়, প্লেন নামার মুহূর্তেই বুঝতে পেরেছিলাম কি তীব্র বেগ বাতাসের। ভয়ে চমকে উঠলে আশপাশের কোরিয়ানরা জানায় এটা খুবই স্বাভাবিক জেজুতে। একটা ছোট্ট দ্বীপে একটি অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর আমাকে মুগ্ধ করেছিল।
জেজু আমার কাছে এক ভালবাসার নাম, এত নির্মল আর শান্ত সৌন্দর্য প্রকৃতি ধারণ করে রেখেছে যে আমি নিজের ভেতরও সেই শান্তি টের পাচ্ছিলাম। ‘মানজাং কেইভ’ যা লাভা দ্বারা তৈরি, এক অদ্ভুত অনুভূতির জন্ম দেবে। গুহায় ঢুকতেই মনে হলো সামার থেকে বুঝি উইন্টারে এসে পড়লাম, হিম শীতল অনুভূতি। অসামান্য সৌন্দর্য নিয়ে জেজুর সমুদ্র এক প্রশান্তির অনুভূতি দেয় যেন।
জেজুর সবকিছুই যেন এক মুগ্ধতা। ‘জুসাংজিওলি ক্লিফ’ এই জায়গাটি নীল জলরাশির অদ্ভুত এক প্রেমে আবিষ্ট করে রাখে কিংবা বলা যায় জেজুর শান্ত পাইন বনের কথা, কি অসাধারণ শান্ত প্রকৃতি।
জেজুর আরেক আকর্ষণ ‘ডল হারিওব্যাংক্স’ এর প্রতিকৃতি। জেজুবাসী বিশ্বাস করে এই দেবতা তাদের জৈবিক উর্বরতার প্রতীক। এই নিয়ে একটি মজার গল্পও আছে ,সদ্য বিবাহিত কোন যুবতী যদি এই পাথরের মূর্তির নাক ছুঁয়ে দেয় তাহলে সে পুত্র সন্তানের জন্ম দেবে আর যদি কন্যাসন্তান চান তবে ছুঁয়ে দিতে হবে কান।
যারা প্রকৃতি ভালোবাসেন এবং ঘুরতে ভালবাসেন তাদের জন্য ‘জেজু’ এক আশির্বাদ। জেজুর মানুষ, প্রশাসন এবং পর্যটক সবাই সম্মিলিতভাবে জেজুর প্রতি তাদের ভালবাসা প্রকাশ করে নিজেদের সভ্য মানুষের মতো আচরণ দিয়ে।
লেখক: কোরিয়া প্রবাসী বাংলাদেশি, সরকারি কর্মকর্তা, সিউল
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
