২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক সফর: শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত আ.লীগ নেতাকর্মীরা

শেখ হাসিনার নিউ ইয়র্ক সফর উপলক্ষে র‍্যালি করেছে সেখানকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2019, 09:17 PM

Updated : 08 Apr 2022, 04:44 PM

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ র‍্যালির আয়োজন করে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

র‍্যালি থেকে ‘শেখ হাসিনার আগমন-শুভেচ্ছা স্বাগতম’, ‘বিশ্বনেতা শেখ হাসিনা-অভিনন্দন-শুভেচ্ছা’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

এর আগে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত ‘শেখ হাসিনাকে স্বাগত জানানোর প্রস্তুতি সভা’য় সকলেই দীপ্ত প্রত্যয়ে অঙ্গীকার করেন যে, জেএফকে এয়ারপোর্টে বিপুল লোকসমাগম ঘটিয়ে শেখ হাসিনাকে সাদর অভ্যর্থনা জানানো হবে।

এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মিনহাজ শরিফ রাসেল।

২২ সেপ্টেম্বর দুপুরে নিউ ইয়র্কে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘের ৭৪তম অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে তিনি বক্তব্য দেবেন। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তার অবস্থান করার কথা রয়েছে।

এসময়ে তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি আন্তজার্তিক বিভিন্ন গণমাধ্যমকেও সাক্ষাৎকার দেবেন।

চতুর্থবারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে স্বাগত জানাতে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটাতে দলের প্রতিটি নেতা-কর্মীকে সর্বাত্মকভাবে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন সভাপতি জাকারিয়া। একই অঙ্গীকার ব্যক্ত করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, আবুল হুসেন এবং আব্দুল মতিন পারভেজ, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, খায়রোল ইসলাম খোকন এবং আশরাব আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক রাজ চৌধুরী, উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিক, হাজী জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক সেবুল মিয়া, সিটি যুবলীগের প্রেসিডেন্ট খন্দকার জাহিদুল ইসলাম, সেক্রেটারি মাহমুদুর রহমান প্রমুখ।

বেশ কয়েকদিন আগে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর নেতৃত্বে একদল লোক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ওয়ালি খানের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ সভা থেকে বলা হয় যে, “ওই ন্যাক্কারজনক ঘটনার জন্যে এমদাদ চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”

সবা থেকে আরও জানানো হয়, ২২ সেপ্টেম্বরের আগ পর্যন্ত প্রতিদিনই সিটির বিভিন্ন স্থানে জনসংযোগ র‌্যালি করা হবে শেখ হাসিনার আগমনের বার্তা পৌঁছাতে। প্র

নানা কারণে এবার জেএফকে এয়ারপোর্টে শেখ হাসিনার আগমন উপলক্ষে কোনও ধরনের বিক্ষোভ কর্মসূচি রাখেনি বিএনপি।

তবে আওয়ামী লীগের বিবদমান পক্ষগুলোর মধ্যে রয়েছে তীব্র রেষারেষি। এ থেকেও সংঘাত-সংঘর্ষের আশংকা করা হচ্ছে। আর রেষারেষির শুরু হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্ব থেকে সিদ্দিকুর রহমানকে সরানোর দাবি থেকে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ৩ বছরের জন্য গঠিত কমিটির মেয়াদ এখন ৮ বছরে পড়েছে। তবুও সম্মেলন দিয়ে নতুন নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে গতিশীল করতে সীমাহীন গড়িমসি করছেন বলে অভিযোগ রয়েছে মেয়াদোত্তীর্ণ কমিটির এই সভাপতির বিরুদ্ধে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!