জাপানের গুম্মায় ঝলমলে এক পয়লা বৈশাখ
জাপানে প্রবাসী বাংলাদেশিদের নববর্ষ উৎযাপন সাধারণত টোকিও-র বৈশাখী মেলা কেন্দ্রিক | জাপানের বিভিন্ন প্রান্ত থেকে সব বাঙালি সেখানেই বৈশাখ উৎযাপনের জন্য সমবেত হন |
ভেনু সংক্রান্ত জটিলতায় এই বছর ১৪ এপ্রিল এর পরিবর্তে ২১ শে এপ্রিল টোকিও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে |
তবে তাই বলে বৈশাখের প্রথম দিনটি উদযাপন করতে ছাড়েননি জাপান প্রবাসী বাংলাদেশিদের একাংশ।
১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন রোববার বা সাপ্তাহিক ছুটির দিন থাকাতে গুম্মা , সাইতামা ও তোচিগি-তে প্রবাসীরা গুম্মা প্রিফেকচার এর ওইজুমি নামক স্থানে প্রথম বারের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে আয়োজন করেছিলেন ‘বর্ষবরণ উৎসব ১৪২৬ ও মেলা ’ |
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোকিও থেকে আগত সাংবাদিক, লেখক, শিক্ষক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক ব্যক্তিরা | অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জাপানি শিল্পীর বাংলা ব্যান্ড ‘বাজনা বিট’ এর শিল্পী মায়ে ওয়াতানাবে ও শুনসুকে মিজুতানি এর উপস্থিতি |
দুপুর ১২টায় মোহাম্মদ শাহাদাত ও আয়ান, পিতাপুত্রের কোরান পাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠান | তারপর উপস্থিত সব শিশু কিশোর বাংলাদেশের পতাকা হাতে মঞ্চে উঠে আসে এবং তাদেরকে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জাপানে বাঙালি কমিউনিটির জনপ্রিয় শিল্পী রাবিতা সুলতানা নওশি |
এরপরে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিশেষ অতিথি ও ‘বাজনা বিট’ এর সদস্যদের।
বিশেষ অতিথিদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, ব্যবসায়ী শাহীন চৌধুরী, টোকিও মেলা কমিটির সদস্য মোহাম্মদ জসিম, চ্যানেল আই এর জাপান প্রতিনিধি ও লেখক কাজী ইনসানুল হক, টোকিও-র সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুন্সী রেনু সুলতানা এবং শিক্ষক- সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বরলিপি কালচারাল একাডেমি এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আজাদ মুন্সী |
বক্তব্যের পালা শেষে মঞ্চে উঠে আসে বাজনা বিট এর শিল্পী মায়ে ওয়াতানাবে ও শুনসুকে মিজুতানি এবং একে একে গান ‘ধনধান্যে পুষ্পে ভরা’, ‘আমি বাংলায় গান গাই’, ব্যান্ড এর মৌলিক গান ‘তোমার উজ্জ্বলতার ছোঁয়ায়’ এবং সদ্যপ্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে ‘চলো বদলে যাই’ গানগুলো| দারুণ উপভোগ্য ছিল এই দুই শিল্পীর বাংলা সংগীত।
গানের পর উদ্বোধন হয় গুম্মা প্রিফেকচার এর প্রথম ইনডোর বৈশাখী মেলা | অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিদের নিয়ে লাল ফিতা কেটে মেলা উদ্বোধন করেন বাজনা বিট এর দুই শিল্পী |
সীমিত পরিসরের এই ইনডোর মেলায় স্টল ছিল মোট আটটি | বাচ্চাদের খেলনা ও খাবারের স্টল, মিষ্টির স্টল, জুয়েলারি ও শাড়ির স্টল, আর্ট একজিবিশন এর স্টল ছাড়াও ছিল কিওদাই রেমিট্যান্স ও গিয়াস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর স্টল |
নাট্যকার সালাহউদ্দিন জাহিদ রচিত বৈশাখের বিশেষ নাটিকা ‘ভাবী ও বৈশাখ ’ এ অনবদ্য অভিনয় করে প্রশংসিত হন সুমনা ও ফাতেমা লুৎফর চম্পা |
মধ্যাহ্ন ভোজনে প্রায় ২২০ জন অতিথির জন্য নারীদের রান্না মজাদার সব মেন্যুর মধ্যে ছিল সাদা ভাত, ইলিশ মাছ, হরেক রকম ভর্তা, কাবাব, মুরগির মাংস, গরু ও খাসির মাংস |
ঘণ্টাখানেক মধ্যাহ্ন ভোজন এর বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধ | এ পর্বে সংগীত পরিবেশন করেন কারাওকে মাস্টার হিসেবে পরিচিত সোহেল জায়েদি, বাপ্পি, মিন্টু বড়ুয়া, সাবরিনা, রাবিতে সুলতানা নওশি, রাজু ও নাঈম এবং দ্বৈত সংগীত পরিবেশন করেন সুমনা ও সোহাগ দম্পতি |
অনুষ্ঠানের টোটাল সাউন্ড সিস্টেম এবং কারাওকে ব্যবস্থাপনায় ছিলেন সোহেল জায়েদি | আবৃত্তি পরিবেশনায় ছিলেন আয়েশা সিদ্দিকা মিতু |
বয়সভিত্তিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের ইভেন্টে ছিল শিশুদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও খেলা | পরিচালনায় ছিলেন রওশন আফরোজ রুম্পা | বিজয়ী ছাড়াও উপস্থিত প্রায় ৬০ জন শিশু কিশোরদেরকেই পুরস্কার দেওয়া হয় |
বিবাহিত নারীদের প্রতিযোগিতায় ছিল টাই বাঁধা প্রতিযোগিতা | এতে প্রতিযোগিরা যার যার স্বামীর গলায় টাই বেঁধে দেন | প্রথম স্থান অধিকার করেন শিলা |
নিয়মিত সদস্যদের মাঝে যারা কখনোই মঞ্চে আসেননা তাদেরকে নিয়ে বিশেষ পর্ব পরিচালনা করেন আয়েশা সিদ্দিকা মিতু | প্রত্যেকের জন্যই ছিল পুরস্কারের ব্যবস্থা |
যে সমস্ত নারীরা কষ্ট করে খাবার ও নাস্তা তৈরি করেছেন তাদের প্রত্যেকের জন্য এবং যারা নতুন অংশ নিয়েছেন তাদের প্রত্যেককেই পুরস্কৃত করা হয়, পাশাপাশি অনুষ্ঠানের সবচেয়ে মনোযোগী দর্শক এবং সবার আগে উপস্থিত পরিবারকেও পুরস্কৃত করা হয় |
দুপুর ১২ টায় শুরু হওয়া অসংখ্য ইভেন্টে সাজানো এই অনুষ্ঠানটি শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭ টায় |
পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেছেন লেখক নিজে |
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
