যুক্তরাষ্ট্রে মঞ্চনাটককে জনপ্রিয় করতে চায় ‘প্রজাপতি ঘর’
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঞ্চনাটকের জনপ্রিয়তা বাড়াতে কর্মসূচি ঘোষণা করেছে প্রবাসী সংগঠন ‘প্রজাপতি ঘর’।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন প্রবাসী শিল্পীরা।
আনিসুর রহমান দিপুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন প্রজাপতি ঘরের মালিক সৈয়দ জামিম।
এতে জানানো হয়, অভিবাসীদের কাহিনী অবলম্বনে ‘লটারি’ নামে একটি নাটক মঞ্চস্থ করা হবে আগামী ২৬ এপ্রিল। এতে অভিনয় করার জন্য অভিনেতা আজিজুল হাকিম, রিচি সোলায়মান ও সাব্বির রনীসহ বেশ কয়েকজন এখন আছেন নিউ ইয়র্কে। মঞ্চনাটকের আবহকে আরও হৃদয়গ্রাহী করতে ‘কবিতা নৃত্যে’ অংশ নেবেন নাজিয়া জাহান ও মাজিদ লোদি।
রিচি সোলায়মান বলেন, “মঞ্চনাটকের মধ্য দিয়ে দর্শক-শ্রোতার সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের যে সম্পর্ক রচিত হয়, টিভি নাটকে সেটি সম্ভব নয়। মঞ্চ নাটকে মানুষকে উজ্জীবিত করাও সহজ। ইতিপূর্বে তা প্রমাণিত হয়েছে।”
সম্মেলনে আরও বক্তব্য দেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্র্নি মঈন চৌধুরী, কমিউনিটি নেতা আসিফ বারি টুটুল এবং ফাহাদ সোলায়মান, সাংস্কৃতিক সংগঠক ও কণ্ঠশিল্পী তানভির শাহীন, চন্দন চৌধুরী, নীলিমা শশী, শ্রাবণী, নাজিয়া লিনা ও মাজিদ লোদি।
উপস্থিত ছিলেন অভিবাসন অভিজ্ঞ রফিক আহমেদ ও যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সহ সভাপতি হারুন ভূইয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
