কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি।
স্থানীয় সময় বুধবার বিকেলে কাতারের রাজধানী দোহায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর রবিউল ইসলাম।
দুর্ঘটনায় নিহতরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সর্দার আমিন মুন্সি বাড়ির মোহাম্মদ সিরাজ ও ফটিকছড়ি উপজেলার ধর্মপুর সাইফুর বাড়ির মোহাম্মদ জাহেদ। নিহতদের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গুরুতর আহত জমির উদ্দিন ও সৈয়দ হোসেন মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত দুজনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে।
জানা যায়, দোহার আবু হামোড় এলাকায় একটি প্রাইভেট কার পেছন থেকে তাদের বহনকারী গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান।
দূতাবাসের শ্রম কাউন্সেলর রবিউল ইসলাম জানান, নিহত দুজনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। ধাক্কা দেওয়া প্রাইভেটকারের মালিকের কাছে ক্ষতিপূরণ আদায় করতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
কাতার ‘বৃহত্তর ফটিকছড়ি সমিতি’ ও ‘রাউজান সমিতি’ সূত্রে জানা গেছে নিহত দুই বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো ও আহত দুজনের চিকিৎসার তদারকি করছে প্রবাসী সংগঠন দুটি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
