নিউ ইয়র্কে সাহিত্য একাডেমির শততম আসর
যুক্তরাষ্ট্র প্রবাসীদের সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘সাহিত্য একাডেমি, নিউ ইয়র্ক’ এর মাসিক সাহিত্য আসরের শততম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে অনুষ্ঠিত আসরটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়।
সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসরের সূচনা করেন। স্বরচিত পাঠ ও আবৃত্তির পর্ব সঞ্চালনা করেনতাহমিনা খান ও বেনজির শিকদার।
এতে অংশ নেন খালেদ সরফুদ্দীন, মনজুর কাদের, আবু সায়ীদ রতন, সুরীত বড়ুয়া, ইশতিয়াক রুপু, এ বি এম সালেহ উদ্দীন, আব্দুস শহীদ, জেবুন্নেসা জোস্না, ফারহানা ইলিয়াস, হাবীব ফয়েজী, মাসুম আহম্মদ, কামরুন্নাহার রীতা, শিমু আফরোজা, সবিতা দাস, মেহের চৌধুরী, লুবনা কাইজার, রুপা খানম, কুমকুম সেন, এম এ সাদেক, শম্পা বণিক, শাহীন ইবনে দিলওয়ার, আহম্মেদ সহুল, আলম সিদ্দিকী, নিলুফার ইয়াসমিন, শাম্মী আক্তার, সৈয়দ আহম্মদ জুয়েদ, স্বপ্ন কুমার, শামস চৌধুরী রুশো, শাহ আলম দুলাল, সেলিম ইব্রাহীম ও ছোট্টবন্ধু অসিম আশরাফ ও তামান্না আহমেদ শান্তি।
আসর শেষে কিছুটা সময় চা বিরতির পর শুরু হয় ‘আনন্দ সন্ধ্যা’। কমিউনিটি নেতা-কর্মী ও উপস্থিত কবি-সাহিত্যিকদের নিয়ে বেলুন উড়িয়ে পর্বটি উদ্বোধন করেন কথাসাহিত্যিক এবং শততম আসর উদযাপন কমিটির আহ্বায়ক ফেরদৌস সাজেদিন।
এ পর্বটি সঞ্চালনা করেন আবৃত্তিকার মুমু আনসারী। শুরুতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কিয়দংশ বাজানো হয়। এরপর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ করা হয়।
এতে সূচনা বক্তব্য দেন কবি কাজী আতীক। তিনি বলেন, “সাহিত্য একাডেমি ছুঁয়েছে এক অনন্য মাইল ফলক, গৌরবময় ধারাবাহিকতায় শততম আসর। কথাটা খুব সহজে বলা গেলেও এ অর্জন খুব সহজ ছিল না৷ প্রতিবন্ধকতা, তীর্যক সমালোচনা ছিল এ পথে। আমাদের আত্মবিশ্বাস ও নিরলস প্রচেষ্টায় অনেক বন্ধুর পথ পেরিয়ে আজ আমরা এখানে।” তিনি স্মরণ করেন সাহিত্য একাডেমির একমাত্র উপদেষ্টা কবি শহীদ কাদরীকে।
ফেরদৌস সাজেদীন বলেন, “সাহিত্য একাডেমিতে গত ৮ বছরের বেশি সময় ধরে নিয়মিত প্রতি মাসের শেষ শুক্রবার কবি, লেখক সাহিত্যিকরা মিলিত হয়ে সাহিত্যচর্চা করে যাচ্ছে, যা প্রবাসে বিস্ময় ও অহংকারের বিষয় বটে। আরো ১০০ বছর ধরে এমন আরো নিয়মিত আসর বসবে। কবিতা দিয়ে নতুন পৃথিবীর সুন্দর আগামী রচনা করবে।”
এরপর ছিল লেখক ও বিভিন্ন পত্রিকার সম্পাদকদের আলোচনা। পরিচালনায় ছিলেন মোশাররফ হোসেন। তিনি একে একে মঞ্চে ডেকে নেন লেখক হাসান ফেরদৌস, কবি তমিজ উদদীন লোদী, লেখক এ বি এম সালেহ উদ্দীন, লেখক সোনিয়া কাদের, কবি শহীদ কাদরীর স্ত্রী নীরা কাদরী ও লেখক পলি শাহীনাকে।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’ এর শিল্পীদের পরিবেশনায় নাচ উপভোগ করেন দর্শকরা। বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন ও নৃত্যশিক্ষক অনুপ কুমার দাস শিল্পীদের সঙ্গে মঞ্চে এসে দর্শকদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শেষে গান শোনান কণ্ঠশিল্পী তনিমা হাদী ও চন্দন চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
