২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 01:53 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

নিহতের নাম মাহবুবু্ল হামিদ সোহেল (৩৩), তার বাড়ি বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার চর হোগলা গ্রামে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে আবুধাবির ইলেক্ট্রা স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সোহেলের সহকর্মী আরেক বাংলাদেশি আল আমিন হুমায়ুন কবীর।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম বিভাগ এ খবরের সত্যতা স্বীকার করে জানায়, স্থানীয় একটি কুরিয়ার কোম্পানিতে কাজ করতেন সোহেল। দুর্ঘটনার দিন তার মোটরসাইকেলকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে যান। আহত অবস্থায় সোহেলকে শেখ খালিফা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রবাসীরা জানান, সোহেল ২০০৬ সালে আরব আমিরাত আসেন। বাংলাদেশে তার চার বছরের একটি মেয়ে, স্ত্রী, পক্ষাঘাতগ্রস্ত পিতা ও দুই বোন রয়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।

‘নিরাপদ সড়ক চাই’ শ্লোগান ছিল নিহত প্রবাসী সোহেলের ফেইসবুক প্রোফাইলে সাঁটানো দাবি আর সেই সড়ক দুর্ঘটনায় প্রবাসের মাটিতে তার মৃত্যু পরিচিত মহলে শোকের ছায়া এনেছে।

বর্তমানে তার লাশ শেখ খালিফা মেডিক্যাল সিটির হিমঘরে রাখা আছে বলে জানায় বাংলাদেশ দূতাবাস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!