২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে অজানা শহীদদেরও স্বীকৃতি দিতে হবে: আতিউর

মুক্তিযুদ্ধে অজানা শহীদদেরও স্বীকৃতি দিতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদ আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 01:22 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে ‘সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখা’ নেতা-কর্মীদের সঙ্গে এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন তিনি।

আতিউর বলেন, “একাত্তরের গেরিলাদের সহযোগিতাকারিদের ভুলে গেলে চলবে না। ওরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করিয়েছেন মুক্তিযোদ্ধাদের। চৌরাস্তার পাশে ছোট্ট মুদি দোকান অথবা চা স্টলের কর্মচারিরা গেরিলাদের পথ বাতলে দিয়েছেন, হায়েনাদের গতিবিধির ধারণা দিয়েছেন। অপারেশনের অপেক্ষায় থাকা গেরিলাদের নিজ ঘরে অবস্থানের সুযোগ এবং নিজেরা না খাইয়ে গেরিলাদের খাইয়েছেন। এ ধরনের ভূমিকা পালনের পর অনেকে আল বদর, রাজাকার, আল শামস অথবা শান্তি কমিটির হাতে শহীদ হয়েছেন। এদের খবর কি কেউ নিচ্ছি?

“আসলে ওরাও মুক্তিযোদ্ধা। ওদেরকে স্বীকৃতি দেওয়া উচিত। ওরা ছাড়া গেরিলা যুদ্ধে বিজয় অর্জন করা কঠিন হয়ে পড়তো। এভাবে কতশত জন যে শহীদ হয়েছেন তার ইয়ত্তা নেই। ওদের সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি ইতিহাসেও ঠাঁই হওয়া উচিত। নাটক, ছবি, টক শোতে ওদের সাহসী ভূমিকা উচ্চারণের বিকল্প নেই।”

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিউ ইয়র্কে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রজন্মের সঙ্গে এ সাক্ষাতকারে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং

হারুন ভূইয়া, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, ফোরামের সদস্য শাহ জে চৌধুরী, কোষাধ্যক্ষ আল আমিন এবং কণ্ঠশিল্পী শাহ মাহবুব।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!