সেক্টর কমান্ডার্স ফোরামের শুভেচ্ছা পেলেন সি আর দত্ত
স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে চার নম্বর সেক্টর কমান্ডার জেনারেল সি আর দত্ত বীর উত্তমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখা।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের কাছে লং আইল্যান্ডে বসবাসরত ৯৩ বছরে পা দেওয়া এ মুক্তিযোদ্ধার সঙ্গে সাক্ষাত করেন ‘সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখা’ ও ‘আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব’ এর নেতা-কর্মীরা।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ ও প্রবাসের সবাইকে অভিনন্দন জানিয়ে জেনারেল দত্ত বলেন, “একাত্তরের মতো ইস্পাতদৃঢ় ঐক্য পুনরায় তৈরি হলে বাংলাদেশকে কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। সবাই মিলে আমরা যুদ্ধ করেছি, দেশটাকে স্বাধীন করেছি। এটা আমাদের পরম গৌরবের একটি বিষয়। প্রতিটি মুক্তিযোদ্ধার জন্য এ এক ভিন্ন ধরনের অহংকার।”
এসময় উপস্থিত ছিলেন ফোরামের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক রাশেদ আহমেদ, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক লাবলু আনসার, ফোরামের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, নির্বাহী সদস্য মোহাম্মদ আল আমিন এবং শাহ জে চৌধুরী।
পুত্র, পুত্রবধূ ও দুই নাতির সঙ্গে জেনারেল দত্ত
যুক্তরাষ্ট্রে তিনি ছেলে রাজা দত্ত ও মেয়ে মহুয়া দত্তের বাসায় বসবাস করেন। নাতি-নাতনীরা বাসায় থাকলে ওদের সঙ্গেই সময় কাটান। দুই নাতী এলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। দু’জনের নাম রাখা হয়েছে লাল-সবুজের পতাকা আদলে। জ্যেষ্ঠ নাতির নাম ‘নীল’ এবং কনিষ্ঠজনের নাম ‘লাল’। রাজা দত্ত জানান, এ বয়সেও বাবা হাঁটাহাঁটি করতে পারেন। নিজের হাতে পছন্দের খাবারও খান।
স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সান্নিধ্যে নিজের হাতে মিষ্টি খান জেনারেল দত্ত। সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজের জন্য দোয়া চেয়েছেন তিনি। বাংলাদেশে যাবার প্রচণ্ড ইচ্ছা থাকলেও দীর্ঘপথ বিমানে চড়ার অনুমতি নেই বলে জানান।
“আপনারা সবাই ভালো থাকুন, এক হয়ে থাকুন, এটাই আমি আশা করবো”, বিদায় দিতে দরজায় আসা মুক্তিযোদ্ধা সি আর দত্তের আকুতি।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
