২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ক্ষমতায়নে চ্যাম্পিয়ন শেখ হাসিনা: নওফেল

নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন’ হয়েছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2019, 10:18 AM

Updated : 25 Jul 2022, 08:12 PM

জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’ এর ৬৩তম বার্ষিক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে যোগ দিতে স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কে পৌঁছেন তিনি।

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হওয়া প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে চট্টগ্রামের এ সংসদ সদস্য বলেন, “নারী ক্ষমতায়নে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারায় টেকসই উন্নয়ন পরিক্রমাও ত্বরান্বিত হচ্ছে নানা প্রতিকূলতা নিয়েও। বাংলাদেশে চলমান এ কার্যক্রমের আলোকেই সম্মেলনে বক্তব্য উপস্থাপন করবো আমি।”

বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়াসহ নেতা-কর্মীরা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সোমবার থেকে শুরু হতে যাওয়া ১২ দিনের এ সম্মেলনে লিঙ্গ-সমতা এবং নারী অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবারের মূল আলোচনায় রয়েছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, সরকারি কর্মকাণ্ডে নারীর অবস্থান, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে লিঙ্গ-সমতার গুরুত্ব, নারী ও বালিকাদের ক্ষমতায়নের গতি-প্রকৃতি।

এবারের সম্মেলনের থিম ‘নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নে এর সম্পর্ক’। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন এনজিও ও নারী সংগঠনের কর্মকর্তারা এসেছেন নিউ ইয়র্কে।

সম্মেলনের আয়োজক ‘ইউএন উইমেন’ এর নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফুমজিল ম্লামবো-নিগোকুয়া এক বিবৃতিতে বলেন, ‘পিছিয়ে পড়া নারী সমাজকে সর্বস্তরে সমানভাবে অধিষ্ঠিত করতে সামাজিক নিরাপত্তায় বাস্তবসম্মত নীতি গ্রহণ এবং সুপরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে। মূলকথা হচ্ছে, এখনও বিশ্বের ৭৪ কোটি মহিলা দিনাতিপাত করছেন নাজুক পরিস্থিতির মধ্যে। আর এভাবেই সমাজে নারীরা যে বৈষম্যের শিকার হচ্ছেন তার প্রকাশ ঘটছে। এজন্য নীতিমালা ঢেলে সাজানোর সুনির্দিষ্ট প্রস্তাব আসবে এবারের সম্মেলনে। উচ্চ পর্যায়ের একটি টিম গত কয়েক বছর যাবত বিভিন্ন দেশ সফরের পর বাস্তবসম্মত সুপারিশ উপস্থাপন করবেন।’

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!