২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের অভিবাসন সপ্তাহে রোহিঙ্গা প্রসঙ্গ

‘আন্তর্জাতিক অভিবাসন ও উন্নয়ন’ শিরোনামে জাতিসংঘের ‘অভিবাসন সপ্তাহে’ রোহিঙ্গা সঙ্কট নিরসনে ‘বৈশ্বিক অভিবাসন প্রশাসনে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্ব’ তুলে ধরেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 10:47 AM

Updated : 25 Jul 2022, 08:12 PM

স্থানীয় সময় বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আয়োজিত উচ্চ পর্যায়ের আলোচনায় প্যানেলিস্ট হিসেবে এতে বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।

তিনি রোহিঙ্গা সঙ্কট নিরসনে ‘বৈশ্বিক অভিবাসন প্রশাসনে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্ব’ তুলে ধরেন। একই সাথে তিনি বাংলাদেশ সরকারের বিবেচনাধীন জাতীয় অভিবাসন কাঠামোর বিষয়ে সভায় জানান।

এর আগে দুপুরে ‘ফ্রেন্ডস্ অব মাইগ্রেশন’ এর কো-চেয়ারদের আয়োজিত একটি ইভেন্টে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন পররাষ্ট্র সচিব। এখানে তিনি মিশ্র অভিবাসন, মানবপাচার, অনিয়মিত অভিবাসনসহ অভিবাসনের জটিল বিষয়গুলো নিরসনে বাংলাদেশের জাতীয় অভিবাসন কাঠামোর গুরুত্ব তুলে ধরেন।

আইওএম এর মহাপরিচালক অ্যান্তোনিও ভিতোরিনো, জাতিসংঘে আয়ারল্যান্ডের স্থায়ী প্রতিনিধিসহ সভায় উপস্থিত সবাই পররাষ্ট্র সচিব উপস্থাপিত বাংলাদেশের এ ধারণার প্রশংসা করেন। ইভেন্টটিতে আইওএম এর মহাপরিচালক নবগঠিত জাতিসংঘ অভিবাসন ফোরামের অর্জিত সাংগঠনিক অগ্রগতি সম্পর্কে সদস্য রাষ্ট্রগুলোকে জানান।

‘আন্তর্জাতিক অভিবাসন ও উন্নয়ন’ শিরোনামে ইভেন্টটিতে প্যানেলিস্ট হিসেবে আরও অংশ নেন জাতিসংঘের ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চল সংক্রান্ত অর্থনৈতিক কমিশনের নির্বাহী সচিব অ্যালিসিয়া বার্সেনা, ইউরোপিয় কমিশনের সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মহাপরিচালক হেনরিএটি গেইজার, আন্তর্জাতিক মালিক সংস্থার (আইওই) এর মহাসচিব রবার্টো সুয়ারেজ-স্যান্তোস। এতে মডারেটরের দায়িত্বে ছিলেন জাতিসংঘে স্পেনের স্থায়ী প্রতিনিধি আগুস্টিন স্যান্তোজ।

সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে বৈঠক অভিবাসন সপ্তাহের উচ্চ পর্যায়ের ইভেন্টে যোগ দেওয়ার পাশাপাশি বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) মারিয়া ফার্নান্দে এস্পিনোসার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।

বৈঠকে সাধারণ পরিষদের সভাপতি জলবায়ু পরিবর্তন, শান্তির সংস্কৃতি ও রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। ‘দূর্যোগে বাস্তুচ্যূতি সংক্রান্ত প্লাটফর্ম’ এর চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন তিনি।

আন্তর্জাতিক অভিবাসন রিভিউ ফোরামের কো-ফ্যাসিলেটেটর হিসেবে বাংলাদেশকে মনোনীত করে বাংলাদেশের প্রতি তিনি যে আস্থা রেখেছেন তার জন্য সাধারণ পরিষদের সভাপতিকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব শহিদুল হক। আগামী মে মাসে কক্সবাজারে অনুষ্ঠেয় অভিবাসন সংক্রান্ত সম্মেলনে পিজিএকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

জাতিসংঘকে জনগণের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে পিজিএ বাংলাদেশকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। জাতিসংঘের কাজের গুণগত মান বাড়াতে তিনি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আখ্যা দেন। এ প্রেক্ষিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন সাধারণ পরিষদের সভাপতি (পিজিএ) মারিয়া ফার্নান্দে এস্পিনোসা।

এদিকে মঙ্গলবার ‘ইউএন ডেসা’ আয়োজিত ‘এক্সপার্ট সিম্পোজিয়াম অন ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অ্যান্ড ডেভোলপমেন্ট’ এ অংশ নেন পররাষ্ট্র সচিব। একইদিন সন্ধ্যায় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে ‘অভিবাসন সপ্তাহ’ উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্র সচিব।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!