রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ভোরে দূতাবাস চত্বরে পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত, এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া রিয়াদের বিভিন্ন সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। রিয়াদে বসবাসরত বিভিন্ন পেশার কয়েকশত অভিবাসী বাংলাদেশি অনুষ্ঠানে যোগ দেন।
শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
দূতাবাসের কার্যালয় প্রধান ফরিদ উদ্দিনের উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা একুশের তাৎপর্য তুলে ধরেন। তারা দূতাবাস চত্বরে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি জানান।
এছাড়া রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল বাংলা ও ইংরেজি মাধ্যমেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়। মহান শহীদ দিবস উপলক্ষে রিয়াদের সাহিত্যিক সংগঠন ‘রাইটার্স’ দূতাবাস চত্বরে প্রবাসীদের লেখা বাংলা ভাষায় প্রকাশিত বই, সাময়িকী ও পত্রিকার প্রদর্শনীর আয়োজন করে। এ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করে রিয়াদে ঢাকা মেডিক্যাল সেন্টার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
