কুয়েত বাংলাদেশ দূতাবাস ও বিএমসির উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত
কুয়েতে বাংলাদেশ দূতাবাস এর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ও দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের নিয়ে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক দেন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে, ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম, কাউন্সিলর জহিরুল ইসলাম খাঁন, কুয়েতে সোনালী ব্যাংক প্রতিনিধি মো. জাকির হুসেন ও দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এদিকে, বাংলাদেশ মিলিটারী কমান্ড (বিএমসি) টু কুয়েতের উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি ১৯৫২ এর মহান ভাষা আন্দোলনের শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাতৃভাষা ও বাংলার জন্য শহীদদের এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিএমসি প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে প্রভাতফেরির মাধ্যমে ফুল দেন বিএমসি কর্মকর্তা ও সেনারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
