অ্যামাজনে শামীম আল আমিনের গল্পের বই ‘দ্য ডিপ নাইট স্কাই’
জীবন বাস্তবতার কথা বলে শামীম আল আমিনের গল্প কিংবা উপন্যাস। তার লেখা গল্পে লেখক এমনভাবে আয়না ধরেছেন যে, তাতে সমাজ ব্যবস্থার অনেককিছুই প্রতিবিম্বিত হয়ে উঠেছে। সেই সঙ্গে তিনি কখনো আশ্রয় নিয়েছেন নিছক কল্পণারও। অদ্ভূত ঘটনার মধ্য দিয়ে সরল ভাষায় বর্ণনা করেছেন নিজের অনুভূতি। এরিমধ্যে তার উল্লেখযোগ্য সংখ্যক বইও প্রকাশিত হয়েছে তার। যা পাঠককে ভীষণভাবে আকৃষ্ট করেছে।
এবার বিশ্ববিখ্যাত আমেরিকার অনলাইন সাইট অ্যামাজনে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক শামীম আল আমিনের গল্পের বই। নিউইয়র্কের সাহিত্য এবং সংস্কৃতি চর্চার সংগঠন ঊনবাঙালের উদ্যোগে তার গল্পের ইংরেজি অনুবাদ নিয়ে ‘দ্য ডিপ নাইট স্কাই’ নামের বইটি গত ১৬ জানুয়ারি প্রকাশিত হয়। গল্পগুলোর অনুবাদ করেছেন সিদ্দিক মাহমুদুর রহমান এবং নুসরাত সুলতানা। প্রচ্ছদ করেছেন মেঘনা কাজী। আর আমেরিকায় মূল্য ধরা হয়েছে ১২ ডলার। বইটি এখন অর্ডার করা যাচ্ছে। যেসব দেশে অ্যামাজনের মাধ্যমে কেনাকাটার সুযোগ রয়েছে, সেসব দেশ থেকে বইটি কেনা যাবে।
চলতি বছর বাংলা একাডেমির অমর একুশে বইমেলাতেও তার তিনটি বই প্রকাশিত হয়েছে। সময় প্রকাশন থেকে সমকালীন আমেরিকার রাজনীতি নিয়ে ‘গ্রিন কার্ড, ট্রাম্প কার্ড’, অনিন্দ্য প্রকাশন থেকে উপন্যাস ‘আর আমাদের দেখা হবে না’ এবং আদিত্য প্রকাশ থেকে শিক্ষামূলক ভ্রমণ ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ প্রকাশিত হয়েছে। এই তিনটি বইয়ের মধ্যে ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ কে বলা চলে ঐতিহাসিক ঘটনাপ্রবাহের একটি দলিল। কেননা ২০১৮ সালের ১১ মে, শুক্রবার বাংলাদেশের প্রথম স্যাটেলাইটটি উড়ে যায় মহাকাশের উদ্দেশ্যে। আর ঘড়ির কাটায় ফ্লোরিডার সময় তখন বিকাল ৪টা ১৪ মিনিট। বাংলাদেশে শুক্রবার শেষ হয়ে শনিবারে পড়েছে। ক্ষণ ২টা ১৪ মিনিট। ঐতিহাসিক সেই দিনে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে উপস্থিত থাকার অভিজ্ঞতা আর বিস্তারিত তথ্য নিয়ে শামীম আল আমিন লিখেছেন 'মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১'। যা অসংখ্য মানুষের কৌতুহল মেটাবে।
পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এমএসএস পরীক্ষায় হয়েছেন প্রথম শ্রেণিতে প্রথম। কেবল ভালো ছাত্রই নন, শিক্ষা জীবনে বিতর্কসহ বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। অর্জন করেছেন কয়েকটি জাতীয়সহ গুরুত্বপূর্ণ নানা পুরস্কার। কাজের কারণে ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশ। তার জন্ম ১৯৭৯ সালের ১ জানুয়ারি। ঢাকার শান্তিবাগে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
