জাতিসংঘে বাংলাদেশ মিশনে বিজয় দিবস
৪৮তম বিজয় দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ মিশন ও কনসুলেট জেনারেল।
স্থানীয় সময় রোববার মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, “বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির সেই সময় থেকে আজ অনেক দূরে চলে এসেছে। আজ শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য-প্রযুক্তি, দারিদ্র্য বিমোচন প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমরা স্বল্পোন্নত দেশের ক্যাটাগরি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে আজ উন্নয়নশীল দেশের পথে এগিয়ে চলছি। মহান বিজয়ের এ দিনে আমরা আমাদের অর্জনের আনন্দ উদযাপন করতে পারি আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে।”
পুরস্কার দিচ্ছেন মাসুদ বিন মোমেন ও সাদিয়া ফয়জুননেসা
দেশের উন্নয়নে প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশির অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসীরা শুধু রেমিটেন্সই পাঠাচ্ছেন না, তারা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের দূত হিসেবে প্রবাসে সগৌরবে বাংলাদেশকে তুলে ধরছেন।”
আলোচনা পর্ব শেষে স্থানীয় সাংস্কৃতিক গোষ্ঠী ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আটর্স (বিপা)’ দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধভিত্তিক সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি টেবিল টেনিস প্রতিযোগিতার যৌথ খেলায় চ্যাম্পিয়ন হন মোকাররাম আহমেদ ও মো. আলতাফ আলী, এককে চ্যাম্পিয়ন হন মো. আসিফ চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
