একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি নিউ ইয়র্কে
একাত্তরের ২৫ মার্চ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক র্যালি থেকে গণহত্যার সঙ্গে জড়িতদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দাবি করা হয়।
‘জেনোসাইড একাত্তর ফাউন্ডেশন, ইউএসএ’ নামে একটি সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত এ র্যালিতে নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, জাতিসংঘে বাংলাদেশের উপ স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও প্রথম প্রেস সচিব নূরএলাহি মিনা উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা প্রদীপ করের নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, খুরশীদ আনোয়ার বাবলু, ঐক্য পরিষদের নেতা টমাস দুলু রায়, স্বেচ্ছাসেবী সংস্থা প্রবিণী ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ার অধ্যাপক সব্যসাচি দস্তিদার, সেক্টর কমান্ডার্স ফোরামের শুভ রায় ও প্রবিণী ফাউন্ডেশনের নির্বাহী সচিব শুভ জি দস্তিদার।
একইদিন জাতিসংঘ ঘোষিত ‘গণহত্যা প্রতিরোধ ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি রেজ্যুলেশন গ্রহণের ৭০তম বার্ষিকী’ উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাসচিবের বিশেষ উপদেষ্টা এডামা ডিয়েং বলেন, “সাম্প্রতিক সময়ে সারাবিশ্বে হিংসাত্মক বক্তব্য-মন্তব্য, বর্ণবিদ্বেষমূলক হামলা ও জাতিগত কারণে সংঘাতের ঘটনা বেড়েছে। এ অবস্থায় আমাদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে।”
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা করা প্রয়োজন বলে মন্তব্য করেন এডমা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
