খালেদার মুক্তি চেয়ে নিউ ইয়র্কে বিএনপির বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপি।
সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করেন দলটির নেতা-কর্মীরা।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুল্লাহ।
তিনি অভিযোগ করে বলেন, “প্রতিদিনই শত শত নেতা-কর্মীকে কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তারের ঘটনা ঘটছে। গোটা দেশকেই সরকারের শ্বেতসন্ত্রাসের আওতায় নেওয়া হয়েছে।”
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া।
তিনি বলেন, “গ্রেপ্তার-নির্যাতন চালিয়ে কখনোই কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকতে পারেনি। শেখ হাসিনাও পারবে না। ইতিহাসের আস্তাকুড়ে তাকে নিক্ষিপ্ত হতেই হবে। যে দেশের প্রধান বিচারপতিকে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম প্রার্থনা করতে হয়, সে দেশের অবস্থা কতটা সঙ্গীন তা বলার অপেক্ষা রাখে না।”
নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা জসীমউদ্দিন বলেন, “সরকারের সীমাহীন নির্যাতনে দেশবাসী আজ অতিষ্ঠ। আন্দোলনের মধ্য দিয়েই এ সরকারের পতন ঘটাতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহ সভাপতি সাইফুল ইসলাম অপু, আনিসুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
