আমিরাতে শিগগিরই চালু হচ্ছে আভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার
অর্ধযুগ বন্ধ থাকার পর আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য শিগগিরই আভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার সুবিধা পুনরায় চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নতুন ভিসা চালু হওয়ার বিষয়টি আমিরাত সরকারের নীতি-নির্ধারকরা বিবেচনায় রেখেছেন। তবে বাংলাদেশিদের জন্য এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আভ্যন্তরীণ ভিসা ট্রান্সফারের ব্যাপারে তারা সম্মতি দিয়েছেন, যা অনতিবিলম্বে কার্যকর হবে।"
২০১২ সালের মধ্য অগাস্ট থেকে সংযুক্ত আরব আমিরাত দেশটিতে চাহিদার অতিরিক্ত অদক্ষ বাংলাদেশি শ্রমজীবীর অনুপ্রবেশসহ নানা অপরাধকর্মে বাংলাদেশিদের সংশ্লিষ্টতা বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে সবধরনের কাজের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। পাশাপাশি বাংলাদেশিদের জন্য আভ্যন্তরীণ ভিসা ট্রান্সফারের সুযোগও বন্ধ হয়ে যায়।
চলতি বছরের ১ অগাস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আমিরাত সরকার অবৈধ অভিবাসীদের দেশত্যাগের উদ্দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করে।
রাষ্ট্রদূত জানান, এই পর্যন্ত আবুধাবি দূতাবাস ও দুবাই কনসুলেট থেকে প্রায় ১৩ হাজার অবৈধ অভিবাসীকে এমআরপি সুবিধার আওতায় আনা হয়েছে। প্রায় ২ হাজার অভিবাসীকে দেশে ফিরে যাওয়ার জন্য আউটপাস দেওয়া হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বৃহস্পতিবার মাত্র ১০০ সাধারণ ক্ষমাপ্রত্যাশী দূতাবাসে সেবা নিতে এসেছেন। আর পহেলা অগাস্ট সাধারণ ক্ষমা শুরুর পর থেকে আবুধাবি দূতাবাসে তিন হাজার ও দুবাই কনসুলেটে ৪ থেকে ৫ হাজার সাধারণ ক্ষমাপ্রত্যাশী সেবা নিতে এসেছেন।"
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত অবৈধ বাংলাদেশীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কোনরকম দ্বিধা বা ভয় করবেন না। আপনাদের কাছে কোনও রকম পাসপোর্ট বা পাসপোর্ট কপি না থাকুক, কাগজপত্র না থাকুক, আপনি বাংলাদেশি প্রমাণিত হলে আমরা আপনাদেরকে পাসপোর্ট দিতে চেষ্টা করব। সময় চলে যাচ্ছে, এ ধরনের সুযোগ বারবার আসবে না। আপনারা লুকিয়ে থেকে লাভ নেই, এদেশে সাধারণ ক্ষমার পর বৈধতা ছাড়া থাকা যাবেনা। আমিরাত সরকার আমাদের আশ্বাস দিয়েছেন বৈধ পাসপোর্ট নিয়ে আসলে তারা বৈধতা দেবেন।”
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ছাড়াও কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল, দূতাবাসের মিনিস্টার ইকবাল আহমেদ চৌধুরী ও নাসির তালুকদার উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
