সৌদি আরবে সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভা
খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সৌদি আরবে বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সভা করেছে।
বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত এ সভায় বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ঐক্যে পরিষদের পরিচিতি শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলও আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌর মেয়র জিকে গউছ বলেন, “অবৈধ ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে বিচারের নামে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। যা আইন ও মানবাধিকারের সুষ্পষ্ট লংঘন। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দেশনেত্রীকে কারাগারে রেখে দেশে কোনও নির্বাচন হতে দেওয়া হবে না।”
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব প্রধান বক্তার বক্তব্যে বলেন, “সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করতে হবে। এ সরকারের অধীনে এ দেশে কোন নির্বাচন হবে না। আজ গণতন্ত্র উদ্ধারের জন্য সকল দল ঐক্যবদ্ধ হয়েছে। খালেদা জিয়াকে ছাড়া দেশে জাতীয় নির্বাচন হবে না।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সৌদি আরব বিএনপির সহ সভাপতি কেফায়েত উল্লাহ কিসমত, আব্দুল মান্নান, খন্দকার হেলাল উদ্দিন সিআইপি, নুরুল আমিন ও আবুল বাশার।
সৌদি আরব সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদের আহ্বায়ক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশ ও জাতির কল্যাণের জন্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া মৃত আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের জন্যও দোয়া করা হয়। কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার জন্য দোয়া করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
