নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ’।
শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “নিউ ইয়র্কে শেখ হাসিনার পাশে ভ্যানগার্ড হিসেবে অবস্থান করবে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে, জননেত্রী শেখ হাসিনাকে কালো পতাকা দেখানোর নামে যদি কোনো ধরনের অশালীন-অসভ্য আচরণ দেখানো হয়, তাহলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে প্রচলিত আইনেই।”
বিএনপি-যুবদলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিউ ইয়র্কে শেখ হাসিনা বিরোধী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা রুখে দেওয়ার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংগঠনের যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবুর পাঠ করা লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, “শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধু পরিবারের ইমেজ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত নিউ ইয়র্কের দুটি গণমাধ্যমকে অবলম্বন করে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে।”
সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরি এবং একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত আল বদর মীর কাশেমের অর্থায়নে পরিচালিত ‘মিডিয়ার প্রেমিক’ হিসেবে সিদ্দিকুর রহমান ও ইমদাদ চৌধুরীর তথ্য ইতোমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে বলে সম্মেলনে জানানো হয়। সভাপতি শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরের সময় তাকেও বিস্তারিত ডকুমেন্টসহ অবহিত করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতাদের মধ্যে আরও ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই জিয়া, সহ-সভাপতি মফিজুর রহমান, আবুল হোসেন, মাসুদ হোসেন সিরাজি, যুগ্ম সম্পাদক মিনহাজ শরিফ রাসেল, সুব্রত তালুকদার, মাহফুজুল হায়দার, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, আব্দুল মতিন পারভেজ, আব্দুল মুহিত, লিয়াকত হোসেন ও এম এম জিন্নাহ।
পর্যবেক্ষক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম ও ওয়ালি হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
