যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেমিনার স্থগিত
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র আগমন ও ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন থাকায় পূর্বঘোষিত একটি সেমিনার স্থগিত করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা।
১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘বঙ্গবন্ধু : দ্য আর্কিটেক্ট অব ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারটি ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোমেনের পরামর্শক্রমে স্থগিত করা হয়েছে।
ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি খন্দকার মনসুর ও সেক্রেটারি মো.আব্দুল কাদের মিয়া জানান, শীঘ্রই নতুন তারিখ স্থির করা হবে। ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নাগরিক সম্বর্ধনাসহ জেএফকে এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা জানানোর যাবতীয় কর্মসূচিতে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সকল প্রবাসীকে অংশ নেওয়ার আহ্বানও জানান তারা।
