২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টনে এনএবিসি’র ৩২তম সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত হয়েছে ৩২তম ‘নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি)’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 12:25 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

শনি ও রোববার বস্টনের মালবরো হোটেল হলিডে ইনের বলরুমে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনের চেয়ারম্যান দিনাজ খান। আগামী বছরের ৩৩তম এনএবিসি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অনুষ্ঠিত হবে।

দিনাজ খান বলেন, “বাংলাদেশ থেকে যারা অভিবাসী ভিসায় আমেরিকায় আসেন, তারা থাকা খাওয়া এবং কাজসহ বিভিন্ন সমস্যায় পড়েন। এনএবিসি’র সাথে যারা যুক্ত আছি, আমরা সকলেই ব্যবসা-বাণিজ্য করছি। আমাদের ব্যবস্যা প্রতিষ্ঠানে নবাগতদের কর্মসংস্থানসহ থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেব। স্টুডেন্ট হিসেবে যারা আসেন, তাদের লেখাপড়াসহ মূলধারায় কর্মসংস্থানের সহায়তা করব।”

সেক্রেটারি মোহন জব্বার বলেন, “নতুন প্রজন্মরাই একদিন নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনের হাল ধরবে। সে জন্যই তাদেরকেও যুক্ত করছি।”

কনভেনর মনির চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনএবিসির সাবেক চেয়ারম্যান আবু লিয়াকত, সাবেক কনভেনর কুদরত ই খোদা, ট্রেজারার লিটন মজুমদার, কার্যকরী সদস্য সহিদুল ইসলাম ঠান্ডু, এমডি এইচ রহমান, সাগর চক্রবর্তী, মোহাম্মদ আলম আশু, ব্যবসায়ী আবু তাহের বাদল, রেহানা বেলী, তাজরীন আওয়াল ও জাকিয়া চৌধুরীসহ অন্যান্যরা।

সাবেক চেয়ারম্যান আবু লিয়াকত বলেন, “১৯৯৯ সাল থেকে আমি এনএবিসি’র সাথে আছি। যতদিন বেঁচে থাকব, বাংলাদেশিদের কল্যাণে কাজ করব।”

প্রথম দিন সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী এস আই টুটুল, শাহনাজ বেলী ও বিউটি দাশ। সমাপনী দিনে সংগীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি, তনিমা হাদী ও বেবী নাজনীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিভি’র উপস্থাপিকা শারমিন সোনিয়া।

এছাড়া দেশিয় খাবার, পোশাক ও জুয়েলারি স্টল বসেছিল এনএবিসি’র এ মিলনমেলায়। অনুষ্ঠানে চেয়ারম্যান দিনাজ খানের জন্মদিনের কেকও কাটা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!