প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা
যুক্তরাষ্ট্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের এ সভায় ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্কে অবস্থানকালীন সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগসহ সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
২৩ সেপ্টেম্বর সকাল ৮টায় জেএফকে এয়ারপোর্টে অবতরণের সময়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নেতাকর্মীরা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন বলে জানিয়েছেন সভাপতি সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান বলেন, “শেখ হাসিনা এখন শুধু ১৬ কোটি বাঙালির নেতা নন, তিনি এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তিনি বাঙালির অহংকারের প্রতীক। তাই দল-মত নির্বিশেষে সকল প্রবাসীরই উচিত নিউ ইয়র্কে তাকে সাদর সম্ভাষণ জানানো।”
তিনি আরও বলেন, “কেউ যদি প্রতিবাদের নামে অশালীন আচরণের ঔদ্ধত্ব দেখাতে চায়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।”
সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন ও প্রচার সম্পাদক এনাম।
প্রস্তুতি সভায় জানানো হয়, ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এ উপলক্ষে এক বিবৃতিতে ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কসের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি জামাত-শিবিরের যে কোন অপতৎপরতার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
