২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা

যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে দলটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 12:01 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে আল আকসা পার্টি হলে এ সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা এমরান শাহ রণ, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ ও এম এ শোয়েব।

সংগঠনের বিদায়ী সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, “২৩ সেপ্টেম্বর শেখ হাসিনা জেএফকে এয়ারপোর্টে অবতরণের পরই বিএনপির কর্মসূচি শুরু হবে। জাতিসংঘে ভাষণের সময়ে বাইরে বড় ধরনের একটি বিক্ষোভ হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করা হচ্ছে। বিক্ষোভের সকল কর্মসূচিকে ঐক্যবদ্ধভাবে সাফল্যমণ্ডিত করতে ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্সের নেতাকর্মীদের এখন থেকেই জনসংযোগ আরম্ভ করতে হবে।”

বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশার স্বাগত বক্তব্য দেন সভায়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় শুরুতে কোরান পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয় মমতাজউদ্দিনের নেতৃত্বে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, “শেখ হাসিনা এবং তার দলের জনপ্রিয়তা একেবারেই তলানীতে। এজন্যে তারা আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছেন। কিন্তু এবার আর বিএনপি তাদেরকে খালি মাঠে গোল করতে দেবে না।”

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক অন্যতম সহ-সভাপতি সোলায়মান ভূইয়া বলেন, “বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে কারাগারে রেখে বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে না। তাকে মুক্ত করতে আন্তর্জাতিক চাপ বাড়াতে সকলকে কাজ করতে হবে।”

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন বলেন, “আন্দোলন ছাড়া বেহায়া সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। আর এই আন্দোলন শুরু করতে হবে নিউ ইয়র্ক থেকে আন্তর্জাতিক লবিং জোরদারের মধ্য দিয়ে।”

যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, “শেখ হাসিনার অপশাসন আর দুঃশাসনের বিরুদ্ধে প্রবাসের যুব সমাজও আজ  ঐক্যবদ্ধ। অতীতের মতো এবারও ঐক্যবদ্ধ শক্তির বিজয় অবশ্বম্ভাবী।”

সমাবেশে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতা মাহফুজুল মাওলা নান্নু ও সোহরাব হোসেন, ব্রুকলিন বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবীর ও সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, বিএনপি নেতা খলকুর রহমান ও এলিজা আকতার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!