শেষ হলো টোকিও বইমেলা
‘বই পড়ুন, আলোকিত বিশ্ব গড়ুন’ শ্লোগান নিয়ে জাপানে অনুষ্ঠিত হলো ‘টোকিও বইমেলা ২০১৮’।
রোববার টোকিওর ইতাবাশি ওইয়ামা গ্রিন হলে দিনব্যাপী এ মেলার আয়োজন করে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম’।
মেলার উদ্বোধন করেন জাপানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাজিমে ইশিই।
প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
মেলায় বিশেষ অতিথি ছিলেন মাৎসুশিরো হোরিগুচি, রবীন্দ্রগবেষক প্রয়াত কাজুও আজুমার স্ত্রী কেইকো আজুমা, জাপানি রাজনীতিবিদ হাজিমে ইশি, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের জাপানি অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে, বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত মাসুশিরো হোরিগুচি এবং আয়োজক সংগঠনের উপদেষ্টা সাংবাদিক ও কলামনিস্ট মনজুরুল হক।
কেইকো আজুমা বলেন, “আমার স্বামী আরেকবার জন্ম নিলে বাঙালি হয়ে জন্ম নেবে আমি জানি। উনি হয়তো এখন বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের কোনো আকাশে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন।”
নোবেল বিজয়ী জাপানি সাহিত্যিক ইয়াসুনারি কাওয়াবাতা ও কেনজাবুরো ওয়ারের সাক্ষাৎকার নেওয়ার স্মৃতিচারণ করেন মনজুরুল হক ও আবদুর রহমান।
এর আগে মেলায় আমন্ত্রিত অতিথি ও লেখকদের উত্তরীয় পড়িয়ে বরণ করেন আয়োজক সংগঠনের সভাপতি জুয়েল আহসান কামরুল।
ভাষা শহীদদের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রবাসে শত ব্যস্ততা ও সীমাবদ্ধতার মাঝে বইমেলার এমন সার্থক আয়োজন সত্যি গর্বের। সবার সদিচ্ছা ও সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। বাংলাদেশ দূতাবাসকে তাদের বিশেষ ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ।”
মেলায় ‘বঙ্গসাহিত্য চর্চার সমস্যা ও সম্ভাবনা’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়। অন্যান্য সেশনের মধ্যে ছিলো নারীদের ‘জয়িতা’, শিশু-কিশোরদের ‘যেমন খুশি তেমন বলা’ ও দর্শনার্থীদের ‘মুক্ত আড্ডা’।
মেলায় অংশ নেওয়া লেখকদের সম্মাননা দেওয়ার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
