যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের শোক দিবসের সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে ‘তুমি রবে নিরবে হৃদয়ে মম’ শিরোনামে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় এতে সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সভাপতি ও নিউ জার্সির কাউন্সিলম্যান নূরন্নবী।
বিজ্ঞানী-লেখক ও মুক্তিযোদ্ধা নূরন্নবী আরও বলেন, “বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্তের পথে জননেত্রী শেখ হাসিনা অনেক দূর এগিয়েছেন। সেই কার্যক্রমে সবাইকে সামিল থাকতে হবে। তাহলেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা যাবে।”
তিনি বলেন, “এখন কোনো তত্ত্বকথা নয়, কাজের সময়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা হাঁটছি। সেই চলার পথে সবাইকে পাশে থাকতে হবে।”
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন আয়োজক সংগঠনের নেতা রেফায়েত চৌধুরী, সৈয়দ মুহম্মদ উল্লাহ, মঞ্জুর আহমেদ ও বেলাল বেগ।
সভা শেষে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
