২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের ২৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

অভিযোগ প্রমাণ হওয়ায় লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল টাওয়ার হ্যামলেটস বরো থেকে গ্রেপ্তার ২৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড দিয়েছে স্থানীয় একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 09:59 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার ৮ জনকে স্থানীয় স্নেয়ার্সব্রুক ক্রাউন আদালত মোট ২৪ বছরের কারাদণ্ড দেয়। এর আগে একই অভিযোগে ১৭ অগাস্ট ১৬ মাদকব্যবসায়ীকে মোট বছর কারাদণ্ডের রায় দিয়েছিল ওই একই আদালত।

শুক্রবার টাওয়ার হ্যামলেটস বরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের জুন এবং জুলাই মাসে পূর্ব লন্ডনে মাদকবিরোধী অভিযান ‘কনটিনাম’ এ এসব মাদক ব্যবসায়ীদের ধরা হয়।  

Image
২৩ অগাস্ট সাজাপ্রাপ্তরা

২৩ অগাস্ট সাজাপ্রাপ্তরা

পুলিশ, টাওয়ার হ্যামলেটস বরোর কাউন্সিল অফিস এবং স্থানীয় হাউজিং সোসাইটিগুলোর উদ্যোগে পরিচালিত অভিযান কন্টিনামে মোট ৫০ জনকে আটক করে তদন্ত চালিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আটককৃতদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৪ জন অপ্রাপ্তবয়স্ক তরুণ মোট ৭০টি মাদক ব্যবসার ঘটনায় দোষী প্রমাণিত হন। 

অভিযানে আটক আরও ১০ জনকে জামিন দিয়েছে আদালত।  এছাড়া বাকি ৫ জনের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে ২৭ সেপ্টেম্বর।

দুই মাস ধরে চলা কন্টিনামে মোট ৩০০ পুলিশ কর্মকর্তা অংশ নেন। এসময় তারা ৫০টির কাছাকাছি আস্তানায় অভিযান চালিয়ে ৬০ হাজার পাউন্ড নগদ টাকা, আধা কেজির বেশি ক্যাটাগোরি ‘এ’ মাদক এবং চারটি ‘স্টান-গান’ উদ্ধার করে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস মাদক ব্যবসায়ীদের শাস্তি ও অভিযান সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, মাদক এবং এ সংক্রান্ত অসামাজিক কার্যকলাপ আমাদের কাছে বড় ধরনের উদ্বেগের বিষয়। এটি কমাতে পুলিশের সাথে আমাদের কাজ অব্যাহত আছে। মাদক ব্যবসায়ের সাথে জড়িতদের শাস্তি হওয়াটা একটি শক্তিশালী বার্তা বহন করে- যারাই এ কাজে থাকবেন তাদের কঠোর শাস্তি পেতে হবে।

তিনি মাদক ব্যবসায়ের সাথে জড়িয়ে পড়াদের সুস্থ জীবনে ফিরে আসায় সহযোগিতা করার ব্যাপারেও প্রতিশ্রুতি দেন।

Image
১৭ অগাস্ট সাজাপ্রাপ্তরা

১৭ অগাস্ট সাজাপ্রাপ্তরা

কেবিনেট মেম্বার ফর কমিউনিটি সেইফটি কাউন্সিলর আসমা বেগম বলেন, “মাদক ব্যবসা আমাদের কমিউনিটির একটি রোগ বিশেষ। এটি দূর করতে কাউন্সিল ও পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।”

টাওয়ার হ্যামলেটস এর অপরাধ ও মাদক বিষয়ক গোয়েন্দা পুলিশের প্রধান পরিদর্শক মাইক হ্যামার তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘রাস্তা থেকে এসব মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের ঘটনা টাওয়ার হ্যামলেটস তথা লন্ডনের জন্য একটি সুসংবাদ। শাস্তিপ্রাপ্তরা কোকেইন, হেরোইন সরবরাহে জড়িত ছিল। আশা করছি তাদের গ্রেপ্তার ও শাস্তির কারণে মাদক সরবরাহ বন্ধ হবে এবং সমাজে দীর্ঘমেয়াদী ইতিবাচক ফল আসবে।’

তিনি জানান, মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

২৭ অগাস্ট সাজাপ্রাপ্ত ১৬ জন হলেন:

সোয়াটন রোডের হাবিবুর রহমান (২২), ট্রাফালগার গার্ডেনের রাজা মিয়া (২৩), শ্যাডওয়েল গার্ডেন এলাকার জামিল হোসাইন (২৪), চ্যাপম্যান স্ট্রিটের ওলিউর রহমান (২৩), টার্লিং স্ট্রিটের রাকিব উদ্দিন (১৯), হোবার টাওয়ারের সোলায়মান রাব্বি (১৮), গ্লাসওয়ার্থ অ্যাভিনিউয়ের আবু তাহের সিদ্দিকী (২৪), কমোডর স্ট্রিটের রুহেল আহমেদ (৩১), বেকেলস স্ট্রিটের ইমতিয়াজ ইসলাম (২১), বেকন স্ট্রিটের মোহাম্মদ আহমদ (২৫), ইলফোর্ডের হ্যাজেলডেন রোডের রাশিক উদ্দিন (২৬), অরডেল রোডের এনামুর রহমান ৯২২), সেন্টপলস ওয়ের মোহাম্মদ মহিবুর রহমান (২২), মিয়া টেরেস এলাকার আব্দুল আজিজ (৩৯), হ্যালি স্ট্রিটের আকবর হোসাইন (২৪) এবং আমমেদুর রহমান (কোন স্থানীয় ঠিকানা নেই)।     

২৩ অগাস্ট সাজাপ্রপ্তরা হলেন:

চিকস্যান্ড স্ট্রিটের সামাদ উদ্দিন (২৮), কমার্শিয়াল রোডের নউফেল ই গাবোজ (২১), মার্টিনিউ স্কয়ারের নুর হোসাইন (২১), কর্নওয়াল স্ট্রিটের শ্যান বেইটস (২১), ক্যাম্পবেল রোডের ইসমাঈল কিয়ানী (২০), জিউফ কেইড ওয়ের মোহাম্মদ মোততাকীর রহমান (২০), দ্য কোয়ার্টার ডেক এলাকার তাহমিদ হোসাইন (২১), ওরিয়ন হাউস এলাকার মোহাম্মদ মহসিন (৪২)। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!