২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক ৩ ঘাতককে দেশে পাঠাতে নিউ ইয়র্কে মানববন্ধন

একাত্তরে যুদ্ধাপরাধ ও পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ৩ আসামীকে দেশে ফেরত পাঠাতে নিউ ইয়র্কে মানববন্ধন করেছেন প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2018, 04:10 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

আসামীরা হলেন একাত্তরের বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর নেতা আশরাফুজ্জামান খান, পাকিস্তানি সেনাদের বর্বরতায় সহযোগিতার পাশাপাশি মুক্তিকামি বাঙালি নিধনে অংশ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল জব্বার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত রাশেদ চৌধুরী।

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের জ্যামাইকায় এ মানববন্ধনের আয়োজন করে সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখা।

মানববন্ধনে ঘোষণাপত্র পড়েন আয়োজক সংগঠনের সভাপতি ও মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।  

ঘাতকরা বর্তমানে নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন জানিয়ে মানবন্ধনে বলা হয়,  ‘স্থায়ীভাবে বসবাসের সময় একাত্তরের বর্বরতা এবং পঁচাত্তরের ১৫ অগাস্টের নৃশংসতা সঙ্গে জড়িত থাকার তথ্য গোপন করে মিথ্যা উপস্থাপন করেছেন তারা। যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য উপস্থাপন করে প্রচলিত রীতি অনুযায়ী ৩ জনেরই নাগরিকত্ব কেড়ে নিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে।’

ঘোষণাপত্রে বলা হয়, ‘মানবতার বিরুদ্ধে অপরাধীদের গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের কাছে সোপর্দ করার দায়িত্ব যুক্তরাষ্ট্র প্রশাসনের। কারণ, এরা সব সময়ের জন্যই মানবতার দুশমন। সুযোগ পেলেই এরা হামলে পড়বে অসহায় মানুষের ওপর। এরা সমাজ, জাতি ও রাষ্ট্রের শত্রু।’

‘এ ঘাতকেরা মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছে। এ অপরাধেই ওদের নাগরিকত্ব কেড়ে নেওয়া যায়। তবুও কেনো ট্রাম্প প্রশাসন গড়িমসি করছে- তা বোধগম্য নয়।’

ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশের কূটনীতিকদের প্রতি আহ্বান রাখছি, স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে অবিলম্বে বাংলাদেশে বিচারের রায়ের কপি দেওয়ার জন্য। বাংলাদেশ সরকারের নিযুক্ত ল’ফার্মকেও পরামর্শ দেওয়া উচিত যে, ওরা মিথ্যা বলে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেয়েছে। এমন মিথ্যা তথ্য দেওয়া অসংখ্য মানুষের নাগরিকত্ব ইতিপূর্বে কেড়ে নিয়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার নজির রয়েছে। সে সূত্রে এদেরকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হউক।’

২০০৩ সাল থেকে যুদ্ধাপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, হত্যাকাণ্ড, ধর্ষণ, অগ্নিসংযোগ ইত্যাদি কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ একটি অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়।

শুক্রবার সেই অভিযানের ১৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইস) এর ‘হিউম্যান রাইটস ভায়োলেটর্স অ্যান্ড ওয়ার ক্রাইম সেন্টার’ এর প্রধান মার্ক শ্যাফার বলেন,  ‘গত ১৫ বছরে মানবাধিকার লংঘন যেমন গণহত্যা, নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়কে নির্মূল এবং ভিটেমাটি ছাড়া করার মতো অপরাধে লিপ্ত অনেক বিদেশির হদিস উদঘাটন, গ্রেপ্তার ও নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র কখনোই মানবাধিকার লংঘনকারিদের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না। নিজের দেশে অপরাধ করে যুক্তরাষ্ট্রে বসবাস করবে এমন ঘটনাকে বরদাশত করা হবে না। যুক্তরাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই এমন অপরাধীদের গ্রেপ্তার অভিযান চালু রয়েছে এবং বর্তমান প্রশাসনের সর্বাত্মক সহায়তাও পাওয়া যাচ্ছে।’

এ আলোকে মানববন্ধন কর্মসূচির বক্তা মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার বলেন, “রাশেদ চৌধুরী, আশরাফুজ্জামান খান ও আব্দুল জব্বারদের যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে নিয়ে যেতে দু’বছর আগে নাকি একটি ল’ফার্ম ভাড়া করা হয়েছে। কিন্তু হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ওই তদন্ত সংস্থার কাছে আজ অবধি ঘাতকদের ব্যাপারে তথ্য পেশ করা হয়নি। তাহলে তারা ওদেরকে চিহ্নিত করবে কীভাবে?”

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি কর্মসূচির প্রেক্ষাপট উপস্থাপন করেন।

মানববন্ধনের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “পলাতক ঘাতকদের গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ঘাতকরা যুক্তরাষ্ট্রের জন্যও হুমকি।”

ঘাতক আশরাফুজ্জামান খানের প্রতিষ্ঠিত ইকনা মসজিদের মুসল্লিদের আহ্বান জানিয়ে সিদ্দিকুর রহমান আরও বলেন, “এ ঘাতকরা কোনোভাবেই মসজিদে ঠাঁই পেতে পারে না। কোন ধর্মই এমন জঘন্য অপরাধীদের ক্ষমা করতে পারে না। সবারই উচিত এদের বর্জন করা।”

এসময় আরও বক্তব্য দেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, শরাফ সরকার, মাসুদুল হাসান, এম এ বাতেন, এনাম, তৈয়বুর রহমান টনি, বাচ্চু, শুভ রায় ও শিবলী সাদিক সিবলু।

নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশে আন্তর্জাতিক মানবাধিকার আদালতের তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, ঐক্য পরিষদের অন্যতম সংগঠক শিতাংশু গুহ, যুবলীগ নেতা নান্টু মিয়া, ফোরামের সহ সভাপতি হারুন ভূইয়া, আবুল বাশার চুন্নু ও সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!