যুক্তরাষ্ট্রের সিবিডব্লিউ ব্যাংকের সাথে রূপালী ব্যাংকের চুক্তি
প্রবাসীদের রেমিটেন্সের অর্থ বাংলাদেশে নেওয়ার পথ আরও সুগম করতে যুক্তরাষ্ট্রের সিবিডব্লিউ ব্যাংকের সাথে চুক্তি করেছে রূপালী ব্যাংক।
শনিবার দুপুরে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলে এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পাদন করা হয়। পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন কমিউনিটি নেতা হাসানুজ্জামান হাসান।
রূপালী ব্যাংক লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মঞ্জুর হোসেন ও এমডি আতাউর রহমান প্রধান এবং সিবিডব্লিউ ব্যাংকের প্রেসিডেন্ট সুচিত্রা পদ্মামানভন এ চুক্তিতে স্বাক্ষর করেন।
রূপালী ব্যাংকের এমডি ও সিইও আতাউর রহমান প্রধান বলেন, “জাতীয়ভিত্তিক তালিকায় রূপালী ব্যাংক চতুর্থ শীর্ষস্থানীয় হলেও অনলাইন ব্যাংকিং-এ সবার শীর্ষে রয়েছে। এর ৫৬৫টি শাখার সবগুলোতেই অনলাইন ব্যাংকিং চালু রয়েছে। অর্থাৎ সরকারের ডিজিটাল বাংলাদেশের পরিপূরক কর্মকাণ্ডে রূপালী ব্যাংক সবসময় এগিয়ে রয়েছে।”
আতাউর বলেন, “যুক্তরাষ্ট্রের সিবিডব্লিউ ব্যাংকের সাথে আজকের এ চুক্তির মধ্য দিয়ে রূপালী ব্যাংকের দিগন্ত আরও প্রসারিত হলো। এখন ফামাক্যাশের মাধ্যমে এক ক্লিকেই প্রবাসীদের ডলার বাংলাদেশে যে কোন স্থানে পৌঁছে যাবে। মোবাইল ব্যাংকিংয়ের জগতে এ এক অবিস্মরণীয় অধ্যায়ের সংযোজন ঘটলো।”
বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৩০ লাখ ক্লায়েন্ট রয়েছে, তারা রূপালী ব্যাংকের সেবা নিচ্ছেন বলে জানান আতাউর রহমান।
মঞ্জুর বলেন, “বাংলাদেশের রিজার্ভ আজ ৩৩ বিলিয়ন ডলার। এ কৃতিত্ব প্রবাসীদের। অর্থনীতিকে চাঙ্গা রাখতে অতীতের মতো সামনের দিনগুলোতেও প্রবাসীদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলে আমরা নতুন নতুন এভিনিউ চালু করছি। ব্যাংকের শাখাও বাড়াচ্ছি।”
স্বাগত বক্তব্যে ফামাক্যাশ’-এর সিইও ইঞ্জিনিয়ার সাইফুল খন্দকার বলেন, “তথ্য-প্রযুক্তি যথাযথভাবে ব্যবহারের মধ্য দিয়ে স্বল্পতম সময়ে এবং নিরাপদে প্রবাসীদের অর্থ প্রিয়জনের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দু’টি ব্যাংকের মধ্যকার এই চুক্তি ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে আশা করছি।”
সাইফুল উল্লেখ করেন, ফামাক্যাশ শুধু যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশেই অর্থ পাঠানোর কাজ করবে না, একইসাথে যুক্তরাষ্ট্রের এক সিটি থেকে আরেক সিটিতে প্রিয়জনের কাছেও অর্থ পাঠাতেও সহায়তা করবে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়াতেও একইভাবে রেমিটেন্স করা যাবে নামমাত্র ফি-তে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
