ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশনের সাফল্য উদযাপন
প্রতিষ্ঠার তিন বছরে দু’টি চেস লিগে চ্যাম্পিয়ান হওয়ায় ‘ব্রিটিশ বাংলা চেস অ্যাসোসিয়েশন’ তাদের সাফল্য উদযাপন করেছে।
রোববার বিকালে ব্রিকলেনের কাছে টাওয়ার হ্যামলেটস প্যারেন্স সেন্টারে অনুষ্ঠিত বিবিসিএ-এর নিয়মিত মাসিক প্রতিযোগিতা শেষে দু’টি লীগে অংশ নেওয়া দাবারুদের ‘বিবিসিএ সম্মাননা মেডেল’ উপহার দেওয়া হয়।
উপহার তুলে দেন বিশেষ অতিথি লন্ডন টাইগার্স-এর চিফ এক্সিকিউটিভ মেববাহ আহমেদ, কমিউনিটি নেতা মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও সিনিয়ার সাংবাদিক ও ফেইথ প্রিন্টার্সের পরিচালক মোসলে উদ্দিন।
বিবিসিএ-এর সভাপতি তারিক খানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিবিসিএ’র সাধারণ সম্পাদক মুশতাক চৌধুরী। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু মুসা হাসান।
১৮৮৫ সালে সাউথ লন্ডনে প্রতিষ্ঠিত বাটারসি চেস ক্লাবের সাথে গত বছরে অনুষ্ঠিত প্রথম সামার চেস লিগে বিবিসিএ চ্যাম্পিয়ান হয়। আর এবার বিশ্বের সবচেয়ে পুরনো দাবা লিগ ‘লন্ডন চেস লিগ’-এর ডিভিশন ফোরে বৃহত্তর লন্ডনের অপর ১১ দলের সাথে অংশ নিয়ে প্রথমবারেই চ্যাম্পিয়ান হয়েছে।
সম্মাননা মেডেল দেওয়া শেষে লন্ডন টাইগার্স-এর সিইও মেসবাহ আহমেদ এ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বিবিসিএ-এর পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।
লন্ডন টাইগার্স বর্তমানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার বিকাশে ও প্রসারে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি জানান, বিবিসিএ’র সহযোগিতা নিয়ে লন্ডন টাইগার্স অচিরেই দাবা খেলার বিকাশেও কাজ শুরু করবে।
তিনি আরও জানান, আসন্ন ৪ অগাস্ট শনিবার হালে অনুষ্ঠিতব্য ব্রিটিশ চেস চ্যাম্পিয়ানশিপের ওপেন র্যাপিড টুর্নামেন্টে লন্ডন টাইগার্সের সহযোগিতায় বিবিসিএ’র একটি প্রতিনিধি দল অংশ নেবে।
এদিকে রোববার অনুষ্ঠিত বিবিসিএ’র প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ওপেন গ্রুপে যৌথভাবে চারজন চ্যাম্পিয়ান হয়েছেন। এই চারজনের মধ্যে রয়েছেন- বিবিসিএ’র আহমেদুল হক, তারিক খান ও শণ মারিয়েসা ও কিংস হেড চেস ক্লাবের জখেন উইটম্যান।
অন্যদিকে মেজর গ্রুপে যৌথভাবে চ্যাম্পিয়ান হয়েছেন বিবিসিএ’র আবু মুসা হাসান ও চৌধুরী মোহাম্মদ আলী বাবু।
প্রতিষ্ঠার পর থেকেইে প্রতি রোববার বিকাল ৩টা থেকে বাংলা টাউনের ব্রিকলেনের কাছে টাওয়ার হ্যামলেটস প্যারেন্টস সেন্টারে নিয়মিতভাবে দাবা খেলা অনুষ্ঠিত হচ্ছে। একই স্থানে প্রতি মাসের শেষ রোববার নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে মাসিক দাবা প্রতিযোগিতা।
এছাড়া প্রতি বছর বিবিসিএ পূর্ব লন্ডনের কমার্সিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে আন্তর্জাতিক মানের একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করে আসছে। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির সহযোগিতায় এবং কমিউনিটির পৃষ্ঠপোষকদের সমর্থন নিয়ে বিবিসিএ চলতি বছরের ১১ নভেম্বর শনিবার আন্তর্জাতিক মানের আরও একটি টুর্নামেন্ট অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
