একাত্তরের ঘাতকদের ফিরিয়ে নিতে জ্যামাইকায় বিক্ষোভ
একাত্তরের ঘাতকদের যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে নেওয়ার দাবিতে জ্যামাইকায় বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
১০ অগাস্ট শুক্রবার বিকাল নিউ ইয়র্কের জ্যামাইকায় ১৬৬-২৫, ৮৯ এভিনিউতে (১৬৮ স্ট্রিট ও মেরিক বুলেবার্ডের মধ্যে ৮৯ এভিনিউর ওপর) ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বিক্ষোভের ডাক দিয়েছে ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’ ও ‘মুক্তিযুদ্ধ-৭১, যুক্তরাষ্ট্র’।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘাতক হিসেবে দণ্ডপ্রাপ্ত মেজর রাশেদ চৌধুরীকেও বাংলাদেশের আদালতে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশরাফুজ্জামান খান ও আব্দুল জব্বার যথাক্রমে নিউ ইয়র্ক ও ফ্লোরিডায় অবস্থান করছে। তাদের দুজনেরই এ দেশে নাগরিকত্ব রয়েছে। তবে কেউই একাত্তরের ভূমিকার তথ্য অভিবাসন প্রক্রিয়ায় উল্লেখ না করায় ওই একটি মিথ্যার জন্যেই তাদের সিটিজেনশিপ বাতিল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পথ সুগম করা যায়।
সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ ও সেক্রেটারি রেজাউল বারি এক যুক্ত বিবৃতিতে সকল প্রবাসী বাঙালিকে সপরিবারে এই কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে থেকে প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন। তবে সকলকেই যথাসময়ে উপস্থিত থাকার কথা বলে হয়েছে। কারণ বিকেল ৫টার পর ওই স্থান ছেড়ে দিতে হবে।
অন্যদিকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রজন্ম একাত্তর, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদসহ যুবলীগ, ছাত্রলীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এ কর্মসূচির প্রতি সমর্থন জানানো হয়েছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
