২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লোভী মানুষের কবলে’ বাংলাদেশের ব্যাংকিং খাত

বাংলাদেশের ব্যাংকিং খাত ‘কিছু লোভী মানুষের কবলে পড়েছে’ বলে মন্তব্য করেছেন ‘ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’ (এফবিসিসিআই) এর সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 03:27 PM

Updated : 11 Oct 2022, 12:29 PM

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে ‘যুক্তরাষ্ট্রে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস’ এর ৮ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশের কিছু লোভী লোকের কবলে পড়েছে অর্থনৈতিক সেক্টর। তাদের যে কতো টাকা দরকার এটি নিজেরাও নির্ধারণ করতে পারে না। আরও চাই, আরও চাই। সবকিছু পেতে চাই। এমন কিছু লোকের কারণে কয়েকটি ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এজন্য গোটা ব্যাংকিং সেক্টরকে দায়ি করা সমীচিন হবে না।

“সরকারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে, লুটপাটকারিদের বিরুদ্ধে বিচার হচ্ছে। সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে সেই অর্থ উদ্ধারের।”

Image
কাজী আকরাম উদ্দিন আহমদ

কাজী আকরাম উদ্দিন আহমদ

বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম আরও বলেন, “বাংলাদেশে কর্মরত ভারতীয়রা বার্ষিক ৬ বিলিয়ন ডলারের মতো নিয়ে যাচ্ছে। এ অর্থ বৈধপথে ভারতে যায় নাকি হুন্ডি অথবা হাতে হাতে যায় সেটি আমার জানার কথা নয়। এজন্য কর্তৃপক্ষ রয়েছে, তারা সেটি তদারকি করেন। তবে আমি অনেকবার প্রস্তাব পেশ করেছি যে, ভারতীয়দের নিয়োগের প্রয়োজন হবে না এমন সব দক্ষকর্মী বাংলাদেশে তৈরি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এই ৬ বিলিয়ন ডলার বিদেশে যাবে না। বাংলাদেশের মানুষরাই তা ব্যবহারে সক্ষম হবেন।”

চলতি মাসে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাসভেগাসে ‘১০১তম আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের বার্ষিক সম্মেলনে’ আন্তর্জাতিক পরিচালক পদে নির্বাচিত কাজী আকরাম জানান, সম্মেলন কক্ষে ভারতের বিরুদ্ধেও নানা অভিযোগ দেখেছি। পাকিস্তানকে জঙ্গিরাষ্ট্র হিসেবে বলাবলি হয়েছে। অপরদিকে বাংলাদেশকে সবাই একবাক্যে ‘উন্নয়নের মডেল’ হিসেবে বিবেচনা করেছেন।

তিনি বলেন, “যমুনা সেতু নির্মাণের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ থেকে মঙ্গার বিলুপ্তি ঘটেছে। এখন পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে বার্ষিক যোগ হবে ১.৫% করে। অর্থাৎ উন্নয়নের মহাসড়কে উঠা বাংলাদেশের এগিয়ে চলা ত্বরান্বিত হবে। সেজন্য শেখ হাসিনা ও তার সরকার এ সেতু নির্মাণের প্রকল্পকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।”

সভায় স্ট্যান্ডার্ড এক্সপ্রেস যুক্তরাষ্ট্র শাখার প্রধান কার্যনির্বাহী এম এ মালেক জানান, নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের আটটি শাখা রয়েছে। এ ৮টি শাখা থেকে বর্তমানে ৩২ হাজার প্রবাসী প্রতি মাসে গড়ে ৬ মিলিয়ন ডলার করে বাংলাদেশে পাঠাচ্ছেন। গত ৮ বছরে পাঠিয়েছে ৩ বিলিয়ন ডলার।

সভায় শুভেচ্ছা বক্তব্য দেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কার্যনির্বাহী মামুন অর রশীদ এবং একই ব্যাংকের পরিচালক কাজী খুররম আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!