রায়ের খবর নিয়ে টমি মিয়ার প্রতিবাদ
আদালতের রায় নিয়ে এডিনবরা ঈভনিং নিউজের সংবাদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় ব্রিটিশ শেফ টমি মিয়া।
তার দাবি, ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রতিবেদনে অতিরঞ্জন করা হয়েছে।
সম্প্রতি এডিনবরা ঈভনিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দুই লাখ পাউন্ডের বেশি কর বকেয়া ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্র সরবরাহে ব্যর্থ হওয়ায় টমি মিয়া ও তার স্ত্রী আনোয়ারাকে সাত বছরের জন্য কোনো কোম্পানির পরিচালক পদে নিষিদ্ধ করেছে আদালত।
এই ঘটনায় টমি মিয়াকে ব্রিটিশ রানীর দেওয়া মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) সম্মাননা প্রত্যাহার করা হতে পারে। পাশাপাশি জরিমানা ও তিন মাস পর্যন্ত সাজা হতে পারে তার।
রান্নায় পারদর্শিতার জন্য বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া টমি মিয়ার প্রকৃত নাম মোহাম্মেদ আজমান মিয়া। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার প্রখ্যাত রাজ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা তিনি। গত বছর রানীর জন্মদিনে হসপিটালিটি ইন্ডাস্ট্রি ও চ্যারিটিতে অবদানের জন্য টমি মিয়াকে এমবিই খেতাব দেওয়া হয়।
সোমবার এক বিবৃতিতে টমি মিয়া বলেন, এডিনবরা ঈভনিং নিউজের প্রতিবেদনে এটাকে ‘ফৌজদারি বিচার’ বলা হয়েছে, যা মিথ্যা। এটা প্রকৃতপক্ষে দেওয়ানি মামলা।
এডিনবরা ঈভনিং নিউজ বলেছে বিষয়টি নিয়ে তাদের কাছে মন্তব্য করেননি তিনি। ওই বক্তব্যও মিথ্যা দাবি করে টমি মিয়া বলেন, প্রকৃতপক্ষে তার মতামত নিতে কার্যকর কোনো প্রচেষ্টা চালায়নি তারা।
এছাড়া যুক্তরাজ্যে ব্যবসা চালিয়ে যেতে তার কোনো সমস্যা হচ্ছে না বলেও জানিয়েছেন টমি মিয়া।
এডিনবরা ঈভনিং নিউজের প্রতিবেদনে বলা হয়, টমি মিয়া ও তার স্ত্রী দুজনই মারিফিল্ড ডেভেলপমেন্টস লিমিটেডের বোর্ডে ছিলেন। ২০১২ সাল থেকে ২০১৫ সালের নভেম্বরে এই কোম্পানি বন্ধ হওয়ার আগ পর্যন্ত যৌথ পরিচালক ছিলেন তারা। কোম্পানিটি বন্ধ হওয়ার পর তা লিকুইডিশনে যায়, সে সময় বিনিয়োগকারীদের কাছে দুই লাখ ৬০ হাজার পাউন্ড ঋণগ্রস্ত হয় প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ ইনসলভেন্সি সার্ভিস এই ঘটনার তদন্ত করে, যা পরে আদালতে গড়ায়।বিচারে দেখা যায়, টমি মিয়া ও তার স্ত্রী ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে লিকুইডিশন হওয়া পর্যন্ত মারিফিল্ড ডেভেলপমেন্টস লিমিটেডকে ইউকে ট্যাক্স কালেকশন এজেন্সির কাছে ইনসলভেন্ট দেখান, যাতে অন্তত দুই লাখ ২৮ হাজার ৯২০ পাউন্ড কর বকেয়া হয়।
এছাড়া কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক মিলিয়ন পাউন্ড সরানো হয়েছে, যার ‘সুনির্দিষ্ট রেকর্ড পাওয়া যায়নি’।
এডিনবরার বাসিন্দা টমি মিয়ার ঢাকায়ও রেস্তোরাঁ রয়েছে। ১৯৯১ সালে ইন্টারন্যাশনাল শেফ অব দি ইয়ার প্রতিযোগিতা চালু করেন তিনি। এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি শ্রীপুর ভিলেজ অরফানেজের জন্য তহবিল সংগ্রহ করেন।
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ক্যান্সার রিসার্চ ইউকে, শিশু পল্লী, সিআরপি, আরবিস চক্ষু হাসপাতালসহ বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করে দেন টমি মিয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
