যুক্তরাজ্যে কোম্পানি পরিচালক পদে ‘অযোগ্য’ টমি মিয়া
দুই লাখ পাউন্ডের বেশি কর বকেয়া ও প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্র সরবরাহে ব্যর্থ হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় ব্রিটিশ শেফ টমি মিয়া ও তার স্ত্রী আনোয়ারা সাত বছরের জন্য কোনো কোম্পানির পরিচালক পদে নিষিদ্ধ হয়েছেন।
রান্নায় পারদর্শিতার জন্য বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া টমি মিয়ার প্রকৃত নাম মোহাম্মেদ আজমান মিয়া। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরার পুরস্কারজয়ী রাজ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা তিনি।
তার বিরুদ্ধে আদালতের ওই সিদ্ধান্তের খবর দিয়ে এডিনবরা ঈভনিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় টমি মিয়াকে ব্রিটিশ রানীর দেওয়া মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) সম্মাননা প্রত্যাহার করা হতে পারে। পাশাপাশি জরিমানা ও তিন মাস পর্যন্ত সাজা হতে পারে তার।
গত বছর রানীর জন্মদিনে হসপিটালিটি ইন্ডাস্ট্রি ও চ্যারিটিতে অবদানের জন্য টমি মিয়াকে ওই খেতাব দেওয়া হয়।
টমি মিয়া ও তার স্ত্রী দুজনই মারিফিল্ড ডেভেলপমেন্টস লিমিটেডের বোর্ডে ছিলেন। ২০১২ সাল থেকে ২০১৫ সালের নভেম্বরে এই কোম্পানি বন্ধ হওয়ার আগ পর্যন্ত যৌথ পরিচালক ছিলেন তারা। কোম্পানিটি বন্ধ হওয়ার পর তা লিকুইডিশনে যায়, সে সময় বিনিয়োগকারীদের কাছে দুই লাখ ৬০ হাজার পাউন্ড ঋণগ্রস্ত হয় প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ ইনসলভেন্সি সার্ভিস এই ঘটনার তদন্ত করে, যা পরে আদালতে গড়ায়।বিচারে দেখা যায়, টমি মিয়া ও তার স্ত্রী ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে লিকুইডিশন হওয়া পর্যন্ত মারিফিল্ড ডেভেলপমেন্টস লিমিটেডকে ইউকে ট্যাক্স কালেকশন এজেন্সির কাছে ইনসলভেন্ট দেখান, যাতে অন্তত দুই লাখ ২৮ হাজার ৯২০ পাউন্ড কর বকেয়া হয়।
ইনসলভেন্স সার্ভিসের হেড অফ কোম্পানি ইনভেস্টিগেশন রবার্ট ক্লার্ক বলেছেন, “কোম্পানির সব আর্থিক লেনদেনের তথ্য-প্রমাণ যথাযথভাবে সংরক্ষণের দায়িত্ব রয়েছে পরিচালকদের।
“লেনদেনের পুরো হিসাব ছাড়া কোনো পরিচালক তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কি না তা নিরূপন করা সম্ভব নয়। অথবা নথি-পত্রের ঘাটতির অর্থ দাঁড়ায় অনিয়ম ঢাকার চেষ্টা।”
এডিনবরা ঈভনিং নিউজ বলছে, নথি-পত্রের অভাব বলতে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক মিলিয়ন পাউন্ড সরানো হয়েছে, যার সুনির্দিষ্ট রেকর্ড পাওয়া যায়নি।
এডিনবরার বাসিন্দা টমি মিয়ার ঢাকায়ও রেস্তোরাঁ রয়েছে। ১৯৯১ সালে ইন্টারন্যাশনাল শেফ অব দি ইয়ার প্রতিযোগিতা চালু করেন তিনি। এই প্রতিযোগিতার মাধ্যমে তিনি শ্রীপুর ভিলেজ অরফানেজের জন্য তহবিল সংগ্রহ করেন।
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ক্যান্সার রিসার্চ ইউকে, শিশু পল্লী, সিআরপি, আরবিস চক্ষু হাসপাতালসহ বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করে দেন টমি মিয়া।
